রাজশাহীর সঙ্গে রেলযোগাযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ঘণ্টার বেশি সময় পর রাজশাহী স্টেশনের সঙ্গে ঢাকা, খুলনা ও উত্তরাঞ্চলের সরাসরি রেলযোগাযোগ চালু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস রেলের চারটি বগি চারঘাটের সারদা স্টেশনে লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে অন্যান্য জেলার সরাসরি রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।আজ বৃহস্পতিবার বেলা একটার পরে রেল চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে আজ বেলা একটা পর্যন্ত নাটোর ও ঈশ্বরদী হয়ে কোনো ট্রেন রাজশাহীতে ঢুকতে পারেনি। এসব ট্রেন ঈশ্বরদী ও নাটোর থেকে ফিরে গেছে। ট্রেনগুলো হচ্ছে চিলাহাটি থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা মেইল ট্রেন, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস, পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস। এসব ট্রেনের রাজশাহীর যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়েছে। তবে টিকিট ফেরত দিতে গিয়েও চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। অনেকে টিকিট ফেরত দেওয়ার সুযোগ পাননি। সকাল সাতটায় টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য যাত্রীদের লাইনে দাঁড়াতে বলা হয়। কিছু যাত্রীকে টাকা ফেরত দেওয়া হয়। তবে সাড়ে সাতটায় বলা হয়, নয়টার পর টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এ জন্য যাত্রীদের আরও দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।নয়টার দিকে কম্পিউটারের সমস্যার কথা উল্লেখ করে আর টাকা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা টিকিট কাউন্টার ভাঙচুর করেন। পরে র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজশাহীর একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইউসুফ আলী (৩২) ঈদের ছুটিতে মধুমতী ট্রেনে রাজবাড়ী যাওয়ার জন্য আগাম টিকিট কেটেছিলেন। তিনি বলেন, দেড় ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরও টাকা পাননি। পরে সকাল ১০টার দিকে রেলওয়ের কয়েকজন লোক টিকিটের টাকা ফেরত নিচ্ছিলেন। তাঁদের সঙ্গে গিয়ে তিনি তাঁর টাকা ফেরত পেয়েছেন।ফারুক হোসেন (২৫) রাজশাহী থেকে দিনাজপুরের ফুলবাড়ী যাওয়ার জন্য তিতুমীর এক্সপ্রেসের আগাম টিকিট কেটেছিলেন। তিনি তাঁর টিকিটের টাকা ফেরত পাননি। পরে বাসে করে নাটোরে গিয়ে তিতুমীর ট্রেনে ওঠেন। রাতে ঢাকাগামী ধূমকেতু ও সকালে সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রীদের গাড়িতে করে সারদা স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ঢাকা থেকে আসা ট্রেনে তুলে দেওয়া হয়। সিল্ক সিটি ট্রেনটি সাতটা ৫০ মিনিটে ছাড়ার কথা থাকলেও নয়টা ২০ মিনিটে তা ছেড়ে আসে।এদিকে লাইনচ্যুতির ঘটনা তদন্তের জন্য রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে অনতিবিলম্বে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।সুজিত কুমার জানান, ঈশ্বরদী থেকে ক্রেন নিয়ে এসে সারা রাত লাইনচ্যুত চারটি বগির মধ্যে দুটি বগি লাইনে তোলা হয়। একটি বগি তোলার অবস্থা নেই। সেটিকে মাটিতে নামিয়ে (গ্রাউন্ডিং) রাখা হয়েছে। দুপুর ১২টার দিকে অবশিষ্ট বগিটি তোলার কাজ শেষ হয়। বেলা একটার দিকে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষ হয়। বেলা দেড়টার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী ঢোকার মধ্য দিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পদ্মা এক্সপ্রেস সারদা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকাজের পর ওই সব বগির যাত্রীদের ট্রেনের অন্য বগিতে তুলে ট্রেনটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।