রাজশাহীর সেই ‘অগ্নি চিকিৎসক’ গ্রেপ্তার, ২ দিনের রিমান্ডে
রাজশাহীর বাগমারা উপজেলার ‘অগ্নি চিকিৎসক’ কবিরাজ আবদুল ওয়াহেদকে (৪৫) পুলিশ আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁকে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত কবিরাজ রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ে বলেন, ‘আমি সিজদায় ছিলাম, কীভাবে শিশুটির গায়ে আগুন লেগেছে বুঝতে পারিনি।’প্রসঙ্গত, ২০ অক্টোবর কবিরাজ আবদুল ওয়াহেদ উপজেলার দাউদপুর গ্রামে তাঁর বাড়িতে গোলাম রাব্বানী নামে আট বছরের এক শিশুকে অগ্নি চিকিৎসা দেন। এতে শিশুটি মারাত্মক অগ্নিদগ্ধ হয়। এরপর শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। কিন্তু অর্থসংকটের কারণে শিশুটির চিকিৎসা হচ্ছিল না। এ নিয়ে প্রথম আলোয় খবর ছাপা হলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয়।