এ বছর একটু তাড়াহুড়ো ছিল যেন নীল পারুলের। ফুটেছিল একটু আগে আগে। গত ২৮ অক্টোবর রমনা নার্সারিতে যাওয়ার পথে দেখি, সব কটি গাছ নীলচে বেগুনি রঙের কলিতে সুসজ্জিত। হেমন্তের সবটুকু স্নিগ্ধতা ভর করেছে যেন সেখানে। ভালোভাবে তাকিয়ে দেখি, দু-একটি ফুলও ফুটেছে। চোখ জুড়ানো সেই রং। ওরা তখন নিজেদের পরিপূর্ণ সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত। আমাকে ছবি তুলতে দেখে জনৈক পথিক গাছটির নাম জানতে চাইলেন। একটি পাতার কিঞ্চিৎ ছিঁড়ে দিয়ে তাঁকে বললাম, আঙুলের ডগায় ঘষে গন্ধটা শুঁকে নিন। তিনি বিস্মিত ভঙ্গিতে বললেন, ‘আরে, এ তো দেখছি রসুনের গন্ধ!’ বললাম, এ কারেণই এ ফুলের নাম রসুন্দি। আরেক নাম নীল পারুল। মাত্র দুই দিন পরই উদ্যানের সেই গাছগুলো পুষ্পবন্যায় বর্ণিল হয়ে উঠেছিল।প্রস্ফুটন প্রাচুর্য ও রাজসিক ঐশ্বর্যের কারণে নীল পারুল ছড়িয়ে পড়েছে প্রায় সর্বত্র। তবে আমাদের দেশে অভিষেক বেশি দিনের নয়। নাম নীল পারুল হলেও এ অঞ্চলে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া পারুলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সম্ভবত গড়নের দিক থেকে কিছুটা সাদৃশ্য থাকায় এমন নামকরণ। প্রায় কাছাকাছি রঙের আরেকটি ফুলের নাম ঢোলকলমি। ঢাকায় রমনা উদ্যান, বলধা বাগান, শিশু একাডেমী, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানসহ অনেকের ব্যক্তিগত সংগ্রহেও নীল পারুল দেখা যায়। কেউ কেউ শখ করে বাড়ির সীমানাপ্রাচীরে লাগিয়ে রেখেছেন। বিশেষত ঢাকার পরিকল্পিত আবাসিক এলাকার মধ্যে উত্তরা, বনানী ও ধানমন্ডিতে সবচেয়ে বেশি সহজলভ্য।আমাদের মৌসুমি ফুলের বাগান প্রস্তুত করে নেওয়ার কাজ যখন শুরু হয়, তখন নীল পারুলও নিজেকে নতুনভাবে সাজিয়ে নিতে শুরু করে। প্রায় নিষ্প্রাণ গাছে নতুন করে সঞ্চারিত হয় প্রাণ। কাঁচা সবুজ পাতায় ভরে ওঠে গাছ। হেমন্তের প্রায় পুষ্পহীন প্রকৃতিতে ওরাই যেন একমাত্র সম্রাজ্ঞী। পাতা থেকে রসুনের গন্ধ পাওয়া যায় বলে এর (Pseudocalymma allaceum) ইংরেজি নাম গার্লিক ভাইন। কেউ কেউ আবার লতা পারুল নামেও ডাকে।গাছ লতানো, চিরসবুজ, শক্ত, দীর্ঘ ও ঝোপালো। যৌগপত্র দুই বা তিন পক্ষল, পত্রিকা ভল্লাকার বা আয়তাকার, মসৃণ, চার থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা, চার্ম। শীর্ষ পাতাটিই মূলত আকর্ষীতে রূপান্তরিত হয়। হেমন্ত ছাড়া বছরে আরও দু-একবার ফুল ফোটে। ফুলের অগ্রভাগ ঈষৎ বেগুনি, নলাকার অংশটি ক্রিম-সাদা। দল ফানেলের মতো, মুখ চার সেন্টিমিটার চওড়া, তাতে পাঁচটি মুক্ত পাপড়ি আছে, সেগুলো গোলাকার ও ছড়ানো। বংশবৃদ্ধি কলম ও শেকড় থেকে গজানো চারায়। এরা ক্রান্তীয় আমেরিকার প্রজাতি।