রাজস্থলীতে আবারও সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলায় আবারও সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আনন্দ তঞ্চঙ্গ্যা (২৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। আর আহত পলাশ চাকমা (৩০) রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের জনসংহতি সমিতির কর্মী। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।এর আগে গত ১৮ মে একদল সন্ত্রাসীর গুলিতে পার্বত্যচুক্তির পক্ষের একজন নিহত ও আরেকজন আহত হয়েছিল।জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, হতাহত দুজন রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ভাড়া বাসায় থাকে। সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আনন্দ তঞ্চঙ্গ্যার পিঠে এবং পলাশ চাকমার পায়ে গুলি লাগে। এতে আনন্দ তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলে মারা যান। পলাশ চাকমাকে প্রথমে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় পার্বত্যচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন। তবে ইউপিডিএফ তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।