রাজস্থলীতে গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় আনন্দ তঞ্চঙ্গ্যা (২৫) নামের এক ছাত্রনেতা নিহত ও পলাশ চাকমা নামের জনসংহতি সমিতির এক সদস্য আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা কমপক্ষে ২০০ রাউন্ড গুলি ছুড়েছে বলে পুলিশ জানিয়েছে। জনসংহতি সমিতি এ ঘটনার জন্য পার্বত্য চুক্তি-বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এর আগে গত ১৮ মে একদল সন্ত্রাসীর গুলিতে পার্বত্য চুক্তির পক্ষের একজন নিহত ও একজন আহত হয়েছিলেন।নিহত আনন্দ তঞ্চঙ্গ্যা বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। তিনি একই উপজেলার ওয়াইগ্যাপাড়ার গণেশ তঞ্চঙ্গ্যার ছেলে। আহত পলাশ চাকমা জনসংহতি সমিতির কর্মী। তিনি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের সুমন চাকমার ছেলে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তি আরও কয়েকজন বন্ধুসহ রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ভাড়া বাসায় থাকেন। সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন অস্ত্রধারী এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে আনন্দ তঞ্চঙ্গ্যার পিঠে ও পলাশ চাকমার পায়ে গুলি লাগে। এতে আনন্দ তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলে মারা যান। পলাশ চাকমাকে প্রথমে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক জানান, কমপক্ষে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী কয়েকটি দলে বিভক্ত হয়ে উপজেলা সদরে অবস্থান নেয়। এদের মধ্যে একদল রাজস্থলী থানা লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীরা বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ২০০ রাউন্ড গুলি ছুড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশও কয়েক রাউন্ড গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে রাজস্থলী বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কার্যালয়েও লোকজনের উপস্থিতি ছিল খুবই কম।এদিকে ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরের জনসংহতি সমিতির কার্যালয় থেকে জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসন চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। সমিতির রাঙামাটি জেলার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক বোধিসত্ব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি শুভজ্যোতি দেওয়ান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ইউপিডিএফের সন্ত্রাসীরা একের পর এক চুক্তির পক্ষের নিরস্ত্র ও নিরীহ লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাঁরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।ইউপিডিএফের রাঙামাটি জেলার সমন্বয়কারী শান্তিদেব চাকমা এ ঘটনায় তাঁদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, জনসংহতি সমিতির সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে এ হামলা চালিয়েছে বলে মনে হয়।