রাজস্ব আদায়ে বড় ঘাটতি অর্থনীতির সংকট বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিশ্চিত এক ভবিষ্যৎ সামনে রেখে অতি উচ্চাকাঙ্ক্ষার একটি বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ক্ষেত্রে ভরসা এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর এনবিআরের বড় ভরসা মূল্যস্ফীতি।এনবিআর যদি রাজস্ব আদায় করতে পারে, তাহলে বাজেটের লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ হবে। আর রাজস্ব আদায়ে বড় ঘাটতি অর্থনীতিতে গভীর সংকট তৈরি করবে। ব্যবসায়ীদের আশঙ্কা, এতে তারল্য-সংকট আরও প্রকট হবে। নতুন অর্থবছরে অর্থমন্ত্রীর দেওয়া বাজেট বাস্তবায়নের জন্য দেশের মানুষকে ২৩ হাজার ১৯৮ কোটি টাকা বেশি কর দিতে হবে। চলতি ২০১০-১১ অর্থবছরে মোট রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়াবে ৯৫ হাজার ১৮৭ কোটি টাকা। আর নতুন ২০১১-১২ অর্থবছরে অর্থমন্ত্রীর পরিকল্পনা এক লাখ ১৮ হাজার ৩৮৫ কোটি টাকা আদায়ের। অর্থাৎ ২৪ শতাংশ আদায় বাড়াতে হবে সরকারকে।প্রস্তাবিত এই রাজস্ব আদায় হলেও বাজেট-ঘাটতি থাকবে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। এর মধ্যে অনুদানের চার হাজার ৯৩৮ কোটি টাকা বাদ দিলে সামগ্রিক ঘাটতি দাঁড়াবে ৪০ হাজার ২৬৬ কোটি টাকা। এই অর্থের বড় অংশই আসবে ব্যাংক-ব্যবস্থা থেকে, ঋণ হিসেবে। চলতি অর্থবছরে বৈদেশিক সাহায্য কম পাওয়া গেছে। এই ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকলে ব্যাংক থেকে ঋণ নেওয়া আরও বাড়বে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে আশঙ্কা জানিয়ে বলেছে, ৪৫ হাজার কোটি টাকার ঘাটতি অর্থায়নের কারণে তারল্য-সংকট দেখা দিতে পারে। কেননা, এর ফলে সরকারকে এখন ব্যাংকের ঋণের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হবে। এই নির্ভরতা বেসরকারি খাতের ঋণ প্রাপ্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডিও মনে করে, বাজেট অর্থায়নে সরকার ব্যাংক থেকে বড় ঋণ করবে। ফলে ব্যক্তি খাতকে সরকারের সঙ্গে বছরজুড়েই ঋণের জন্য প্রতিযোগিতা করতে হতে পারে। এনবিআরের বড় ভরসা মূল্যস্ফীতি: মূল্যস্ফীতির চাপ বেশি থাকলে সবচেয়ে লাভবান হয় এনবিআর, তাদের রাজস্ব আদায় বাড়ে। বিশেষ করে বিশ্ববাজারের কারণে মূল্যস্ফীতি ঘটলে আদায়ের পরিমাণ বেশি বৃদ্ধি পায়। মূল্যের ওপর কর ধার্য হয় বলে আদায় বাড়ে। মূল্যস্ফীতি মানেই মূল্যস্তর বৃদ্ধি। আগে ভোক্তা যে পণ্য ১০০ টাকায় কিনতে পারত, সেটিই এখন কিনতে হয় দেড় শ টাকায়। আগে ১০০ টাকার বিপরীতে ১৫ টাকা ভ্যাট দিতে হলে এখন দিতে হচ্ছে সাড়ে ২২ টাকা। একইভাবে বেশি শুল্ক দিতে হচ্ছে আমদানিকারকদেরও। এ কারণে উচ্চ মূল্যস্ফীতির সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের পরিমাণও বেশি হয়। অর্থমন্ত্রীর প্রত্যাশা, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমে সাড়ে ৭ শতাংশ হবে। একই সঙ্গে ব্যক্তি খাতের ঋণের প্রবৃদ্ধি কমিয়ে ২০ এবং ব্যাপক মুদ্রা সরবরাহ ১৬ শতাংশে নামিয়ে আনার কথা বাজেটে রয়েছে। এ ছাড়া রপ্তানির ৩৮ শতাংশ প্রবৃদ্ধির ওপর সাড়ে ১৪ শতাংশ এবং আমদানির ক্ষেত্রে বর্তমান ৪৫ শতাংশ প্রবৃদ্ধির স্থানে নতুন অর্থবছরে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হচ্ছে। লক্ষ্যমাত্রাগুলো এই মাত্রায় থাকলে অর্থনীতির ওপর মূল্যস্ফীতির চাপ কমলেও এনবিআর এতে বিপাকে পড়তে পারে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি মোকাবিলায় বেশ কিছু অপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার আভাস দিয়েছেন। এগুলো হচ্ছে—ভর্তুকিসহ কম গুরুত্বপূর্ণ ব্যয় হ্রাস, প্রয়োজনে কৃচ্ছ্র সাধন, রাজস্ব আয় বাড়ানো, মুদ্রা সরবরাহ ও ব্যক্তি খাতে ঋণ সরবরাহ কমানো এবং বিনিময় হারের যথাযথ বিন্যাস। টাকা আসবে কোথা থেকে: অর্থমন্ত্রীর বলা অপ্রিয় সিদ্ধান্তগুলোর একটি হচ্ছে রাজস্ব আয় বাড়ানো। মূল্যস্ফীতি কমিয়ে রাজস্ব আয় বাড়ানো সহজ না হলেও এটিই করতে হবে তাঁকে। এ জন্য অবশ্য নতুন কিছু রাজস্ব প্রস্তাব বাজেটে দেওয়া হয়েছে। নতুন অর্থবছরে বেশি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের ক্ষেত্রে। এ সময় আদায় করতে হবে ৩৪ হাজার ৩০৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ছয় হাজার ৩০ কোটি টাকা বেশি। এ ছাড়া সম্পূরক শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ১৬ হাজার ২২০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় দুই হাজার ৬৬৬ কোটি টাকা বেশি। যদিও এ ক্ষেত্রে নতুন তেমন কোনো কর প্রস্তাব নেই। এ ক্ষেত্রে বড় ভরসা সিগারেট। সিগারেটের সম্পূরক শুল্ক এবং মূল্যস্তর দুটোই বাড়ানো হয়েছে। এ ছাড়া আমদানি করা গাড়ি এবং কাপড়ের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। অন্যদিকে প্রতিটি সিম কার্ডের কর ২০০ টাকা কমানোর ফলে রাজস্ব আয় কিছুটা কমবে এনবিআরের। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমদানি শুল্কের গুরুত্ব কমছে। নতুন অর্থবছরে এ খাত থেকে আদায়ের পরিকল্পনা ১২ হাজার ৬৩৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় এক হাজার ৭৪৬ কোটি টাকা বেশি। এ ক্ষেত্রে অবশ্য বড় কোনো প্রস্তাব অর্থমন্ত্রী বাজেটে দেননি।নতুন কিছু প্রস্তাব অবশ্য আয়করে রয়েছে, যা আয় বাড়াবে। যেমন, সিগারেট প্রস্তুতকারক কোম্পানির করপোরেট করের হার ৫ শতাংশ বাড়িয়ে সাড়ে ৪২ শতাংশ করা হয়েছে। দুই কোটি টাকার বেশি সম্পদ থাকলে ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে। মন্ত্রী, সাংসদ, বিচারপতি ও সরকারি কর্মকর্তাদের আয়করের আওতায় আনা হয়েছে। মৎস্য, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামারের আয়ের ওপর হ্রাসকৃত হারে ৫ শতাংশ কর বসেছে। রিয়েল এস্টেট খাতে নিবন্ধন ব্যয় বেড়েছে। সঞ্চয়পত্রের আয়ে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হলেও ওয়েজ আর্নার বন্ড এবং পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রের আয়কে করের আওতায় আনা হয়েছে। সবচেয়ে বেশি কর আসবে রপ্তানির ওপর উৎসে করহার দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে দেড় শতাংশ করায়। নতুন কর আরোপের কারণে কী পরিমাণ রাজস্ব বাড়বে এবং কর ছাড় দেওয়ার কারণে কত কমবে—তার একটি হিসাব বাজেট উপস্থাপনার সময় দেওয়া হতো। এ ধরনের কোনো তথ্য এখন আর পাওয়া যায় না। তবে এবারে অর্থমন্ত্রী অনেকগুলো অনুমানের ওপর ভিত্তি করে নতুন অর্থবছরের অর্থনৈতিক ও রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা বলেছেন। তিনি বলেছেন, বিশ্ব বাণিজ্যের গতি ফিরে আসা, রপ্তানি বাণিজ্যে সুদৃঢ় অবস্থান, রাজস্ব আহরণের সন্তোষজনক প্রবৃদ্ধি, কৃষি খাতে ধারাবাহিক প্রবৃদ্ধি, বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি এবং মেয়াদি শিল্পঋণের উচ্চ প্রবৃদ্ধি নতুন অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণে সহায়তা করেছে। বাজেট বক্তৃতায় অবশ্য অর্থমন্ত্রী বলতে ভোলেননি যে, ‘আমাদের সম্ভাবনা অপরিসীম। তবে, ঝুঁকিও রয়েছে।’বেসরকারি খাতে ঋণপ্রবাহের পরিমাণ কমানোর আভাস দিয়েছেন অর্থমন্ত্রী। কৃষি অনেকখানি নির্ভর করছে প্রাকৃতিক আবহাওয়ার ওপর। এ ছাড়া কৃষি খাতে ভর্তুকি ও বরাদ্দ কমানো হয়েছে। তৈরি পোশাকের মালিকেরা আশঙ্কা করছেন রপ্তানি কমে যাওয়ার। বিশ্ববাজারে খাদ্য ও তেলের মূল্য বেশি থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার প্রবাসী-আয় কম হলে বৈদেশিক খাতেও চাপ বাড়বে, বাড়বে ডলারের মূল্য। আর অর্থমন্ত্রীর অনুমানগুলো এভাবে প্রতিকূল হয়ে পড়লে, ঝুঁকিগুলো বাড়লে, রাজস্ব আহরণের সন্তোষজনক বৃদ্ধিও শেষ পর্যন্ত ঘটবে না বলেই গবেষকেরা মনে করছেন। তাতে অর্থমন্ত্রীর পুরো বাজেট পরিকল্পনা বাস্তবায়নই সংকটে পড়ে যাবে।