জাতীয় সংসদে ছয় মাসের অগ্রগতি তুলে ধরলেন অর্থমন্ত্রী
রাজস্ব আয়ে সফলতা, বাজেট ব্যয় পিছিয়ে পড়েছে
আয় বেশি করলেও ব্যয় করতে পারেনি সরকার। এতে সরকারের হাতে ৯৪৬ কোটি টাকা উদ্বৃত্ত হয়েছে। গত ছয় মাসে সরকারের রাজস্ব আদায় ও ব্যয়ের উপাত্ত তুলে ধরে এই উদ্বৃত্তের তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদে চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটের প্রথম ছয় মাসের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে এ তথ্য জানান। গত অর্থবছরের একই সময়ে বাজেট ঘাটতি ছিল ছয় হাজার ১২৯ কোটি টাকা।অর্থমন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছরের বাজেট-ব্যয় সার্বিকভাবে তিন হাজার ২৯৬ কোটি টাকা হ্রাস পেতে পারে। অর্থমন্ত্রী কৃষি খাতে টেকসই উন্নয়ন, সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ নেওয়া, সামাজিক নিরাপত্তাবলয় শক্তিশালী করা এবং বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটে ২০০৯-১০ অর্থবছরে প্রবৃদ্ধি ৬ শতাংশ বলে জানান।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী গতকাল মঙ্গলবার জাতীয় বাজেট অগ্রগতির কথা জানান। গত জুলাইয়ে ‘সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯’ জাতীয় সংসদে পাস হয়। এ আইনের ১৫(২) ধারায় অর্থমন্ত্রীকে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় ও ব্যয়ের গতিধারা ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করে তা সংসদে প্রতিবেদন উপস্থাপনের বিধান রাখা হয়েছে। একই আইনের ১২(১) ধারায় অর্থমন্ত্রীকে মার্চ মাসে একটি সংশোধিত বাজেটও উপস্থাপনের কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী গতকাল এ আইন অনুযায়ী জাতীয় সংসদে অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। গত বছরের ১১ জুন জাতীয় সংসদে মূল বাজেট উপস্থাপিত হয়েছিল।আবুল মাল আবদুল মুহিত জানান, ছয় মাসে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩৫ হাজার ৫৫৩ কোটি টাকা, ২০০৮-০৯ অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৫.৭ শতাংশ বেশি। চলতি গোটা অর্থবছরে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৭৯ হাজার ৪৬১ কোটি টাকা। অর্থাত্ ছয় মাসে আদায় হয়েছে ৫০.৫ শতাংশ।অর্থমন্ত্রী বলেন, রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় পর্যালোচনা করে দেখা যায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমে যাওয়ার কারণে আমদানি শুল্ক কাঙ্ক্ষিত মাত্রায় অর্জিত হয়নি। তবে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আয়কর আদায়ের প্রবৃদ্ধি সন্তোষজনক। তিনি বলেন, বিগত কয়েক বছরের গতিধারা পর্যালোচনা করলে দেখা যাবে, আমদানি খাত থেকে রাজস্ব আয় ক্রমশই হ্রাস পাচ্ছে। পক্ষান্তরে স্থানীয় পর্যায়ে রাজস্ব আয় মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে রাজস্ব আয়ে প্রত্যক্ষ করের অবদান তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। তা সত্ত্বেও প্রত্যক্ষ করের হার এখনো ২৫ শতাংশের মধ্যে রয়েছে, যা বাড়া প্রয়োজন বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।রাজস্ব ব্যয় পরিস্থিতি পর্যালোচনা করে অর্থমন্ত্রী সংসদকে জানান, বাজেটে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় হচ্ছে ৮৩ হাজার ৩১৯ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন ব্যয় ৩০ হাজার ৫০০ কোটি টাকা। তিনি অগ্রগতি পর্যালোচনা করে সংসদকে জানান, ছয় মাসে মোট ৩৪ হাজার ৬০৭ কোটি টাকা ব্যয় হয়েছে, যা বাজেটের ৩০.৪ শতাংশ। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় হয়েছে ২৫ হাজার ৮০০ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় হয়েছে আট হাজার ৮০৭ কোটি টাকা।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন।’ আর গতকাল তা পর্যালোচনা করে বলেন, ‘প্রতীয়মান হচ্ছে, বর্তমান সরকারের উদ্যোগ, কর্মনিষ্ঠা এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনার কারণে অন্যান্য বছরের তুলনায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।’তিনি জানান, সংশোধিত বাজেটে ৩৮টি মন্ত্রণালয় বা বিভাগের বরাদ্দ ১১ হাজার ৭৫ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে এবং ১৮টি মন্ত্রণালয় বা বিভাগের বরাদ্দ ১৪ হাজার ৩৭১ কোটি টাকা হ্রাস পেতে পারে। এ ছাড়া অনুন্নয়ন ব্যয় ৮৩ হাজার ৩১৯ কোটি টাকা সংশোধন করে ৮২ হাজার ২৪ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন ব্যয় ৩০ কোটি ৫০০ কোটি টাকা থেকে কমে ২৮ হাজার ৫০০ কোটি টাকা হতে পারে।তিনি বলেন, সরকারের সামনে চ্যালেঞ্জ হলো অবকাঠামোর সীমাবদ্ধতা দূর করা, বিশেষত জ্বালানি ও যোগাযোগ খাতে দ্রুত উন্নয়ন, রাজস্ব আদায় বৃদ্ধি করে সরকারি ব্যয়ের হিস্যা জিডিপির ২০ শতাংশে উন্নীত করা, ব্যাপকভাবে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও অভ্যন্তরীণ ব্যক্তিমালিকানা খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং আহরিত বৈদেশিক সহায়তার আশু ব্যবহার ও সরকারি উন্নয়ন কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন।মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সজাগ দৃষ্টি রাখছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ২০০৮-০৯ অর্থবছরের জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০.৮ শতাংশ, যা হ্রাস পেয়ে জুন মাসে হয় ২.৩ শতাংশ। ফলে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৬.৭ শতাংশ। তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধির প্রবণতা, প্রবাসী-আয়ের প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রভাবের কারণে মূল্যস্ফীতির কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। ফলে গত ডিসেম্বরে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়ে হয়েছে সাড়ে ৮ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য পণ্য সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখাসহ কিছু ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে।অর্থমন্ত্রী জানান, জুলাই-ডিসেম্বর সময়ে দেশের রপ্তানি খাতে আয় হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৬.২ শতাংশ কম। তবে তিনি বলেন, তৈরি পোশাক খাতে নতুন রপ্তানির কাজ পাওয়া যাচ্ছে। ফলে আশা করা যায় অর্থবছরের শেষে পরিস্থিতির উন্নতি হবে। আমদানি ব্যয় প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, গত ছয় মাসে আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৫ শতাংশ কম হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের মূল্যপতনের ফলে আমদানি ব্যয় কম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।চলতি অর্থবছরের ছয় মাসে দুই লাখ ২৪ হাজার শ্রমশক্তি বিদেশে রপ্তানির তথ্য দিয়ে অর্থমন্ত্রী বলেন, এ সময়ে প্রবাসী-আয় এসেছে ৫৫৩ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৯ শতাংশ বেশি। তিনি গত ৩০ ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৩৪ কোটি ৫০ লাখ ডলার ছিল বলে জানান।অর্থমন্ত্রী প্রবৃদ্ধি-সহায়ক মুদ্রানীতি অনুসরণ করার কথা উল্লেখ করে বলেন, গত ছয় মাসে অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি হয়েছে ১৩.৭ শতাংশ, আগের বছরের একই সময়ে যা ছিল ১৬ শতাংশ। ছয় মাসে ঋণ বৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি খাতে প্রবৃদ্ধি ছিল ১৯.২ শতাংশ, আগের বছরের একই সময় যা ছিল ১৪.৬ শতাংশ। সরকারের নিট ঋণ কমেছে ৬.৭ শতাংশ।অর্থমন্ত্রী বলেন, মন্দার ফলে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে ধস নামলেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের স্বল্প সংশ্লিষ্টতা থাকায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বরং এ সময় পুঁজিবাজারে তেজি ভাব লক্ষ করা গেছে। গত এক বছরে বাজার মূলধন ১৯.৩ থেকে ৩০.৪ শতাংশে উন্নীত হয়েছে। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও) সংখ্যা বেড়েছে পাঁচ লাখ। সাধারণ মূল্যসূচক ও লেনদেনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।সবশেষে তিনি বলেন, দেশে বিনিয়োগের প্রবাহ বেড়েছে। গত ছয় মাসে আমদানি না বাড়লেও বেড়েছে মূলধনি যন্ত্রপাতির আমদানি। এতে প্রতীয়মান হয়, বিনিয়োগে গতি এসেছে। এ ছাড়া মেয়াদি ঋণের পরিমাণও বেড়েছে।