রাজস্ব বাড়লেও যাত্রীসেবা বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া-সিলেট সেকশনের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন শমশেরনগরে রাজস্ব আয় বেড়েছে মাসিক টার্গেটের চেয়ে প্রায় দ্বিগুণ। যাত্রী সংখ্যা বেড়েছে বহু গুণ। রাজস্ব আয় আর যাত্রী সংখ্যা ক্রমাগত বাড়লেও এখানে যাত্রীসেবার মান এখনো বাড়েনি। শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের বাণিজ্য বিভাগ এ স্টেশনে প্রতি মাসে রাজস্ব আয়ের টার্গেট দিয়েছিল দুই লাখ ৯০ হাজার টাকা। আলাপকালে শমশেরনগর স্টেশন মাস্টার মোহাম্মদ শাহাজাহান ও সহকারী স্টেশন মাস্টার আব্দুল মালিক জানান, জেলা সদরসহ বিভিন্ন উপজেলার সঙ্গে এ স্টেশন দিয়েই যোগাযোগ রক্ষা করে শমশেরনগরবাসী। বছরখানেক ধরে প্রতি মাসে এখান থেকে বিভিন্ন লোকাল, মেইল ও তিনটি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করে ও মালামাল পরিবহন করে রাজস্ব আয় হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকারও বেশি।৫ ফেব্রুয়ারি আলাপকালে সহকারী স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, গত ডিসেম্বর ২০০৯ সালে রাজস্ব আয় হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ২৭৯ টাকা। এ বছর জানুয়ারিতে রাজস্ব আয় হয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ৩৭ টাকা। প্রতি মাসে শমশেরনগর স্টেশনে যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্ব আয় টার্গেটের চেয়ে প্রায় দ্বিগুণ বাড়লেও স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় যাত্রীসেবা বাড়েনি। আখাউড়া-সিলেট সেকশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এটি। শমশেরনগরে বাংলাদেশে বিমানবাহিনীর একটি বেইজ ও প্রশিক্ষণকেন্দ্র, চা-শিল্প এলাকা, একটি স্থল বন্দর, অসংখ্য কৃষি খামার ও নার্সারি শিল্প এলাকা এবং গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যকেন্দ্র রয়েছে। ফলে এখানে দেশের বিভিন্ন এলাকার লোকজনের বসবাস। এখান থেকে প্রতি মাসে যে রাজস্ব আয় হয় তা দেশের অন্যান্য প্রথম শ্রেণীর রেলওয়ে স্টেশনের প্রায় সমতুল্য বলে স্টেশন মাস্টার দাবি করেন। যাত্রীরা অভিযোগ করেন, এখানে ঢাকামুখী আন্তনগর উপবন এক্সপ্রেস, চট্টগ্রামমুখী আন্তনগর উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ থাকলেও যাত্রীদের জন্য উন্নত মানের ওয়েটিং রুম নেই। তা ছাড়া শমশেরনগর স্টেশনের যাত্রীরা শ্রীমঙ্গল, কুলাউড়া ও শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করছেন। আর এ আয় সেসব স্টেশনের হিসাবে চলে যাচ্ছে। নিয়মিত ট্রেনযাত্রী ব্যবসায়ী শফিকুর রহমান, আব্দুর রহমান, আবু সুফিয়ান জানান, দুই বছর আগে তাঁরা শুনেছিলেন শমশেরনগর স্টেশনের গ্রেড উন্নয়ন করা হবে। সে হিসেবে প্রাথমিক কিছু কাজও করা হয়েছিল। তবে সাম্প্রতি রহস্যজনক তা বন্ধ রাখা হয়েছে।