আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনা সভায় অর্থমন্ত্রী
রাজস্ব বৃদ্ধি ও হয়রানি কমাতে মূসক ও আয়কর আইন পরিবর্তন করা হবে
রাজস্ব সংগ্রহ বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের হয়রানি কমানোর জন্য শিগগির মূল্য সংযোজন কর (মূসক) আইন পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর আগামী ২০১০-১১ অর্থবছরে পরিবর্তন করা হবে আয়কর আইন। এ দুই আইনে গুরুত্ব দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বজুড়ে বাণিজ্য উদারীকরণের ফলে মূসক ও আয়করই এখন রাজস্ব সংগ্রহের প্রধান উত্স।আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা জানান। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করে বাংলাদেশ কাস্টমস।এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ। এনবিআর সদস্য (শুল্ক) হুসেইন আহমেদ ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস: বাংলাদেশ কাস্টমস ও প্রাসঙ্গিক কথা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।রাজস্ব বৃদ্ধি করতে হলে আদায়কারীর সঙ্গে প্রদানকারীর বা গ্রাহকের দূরত্ব কমিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ওই দূরত্ব কমানোর বিষয়টি মাথায় রেখেই আইনকানুন পরিবর্তন করা হবে। আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী এও জানান, আগের বছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের হার বাড়বে ২০ শতাংশ। আপাতত উচ্চাভিলাষী মনে হলেও বাস্তবে তা অসম্ভব নয় বলে মনে করেন তিনি।মূল প্রবন্ধে বলা হয়, রাজস্ব আহরণের দায়িত্বে নিয়োজিত এনবিআরের আয়কর, মূসক ও শুল্ক অনুবিভাগ রয়েছে। মাঠপর্যায়ে কাস্টম হাউস, বন্ড অফিস, বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থল শুল্ক স্টেশন নিয়ে গঠিত বাংলাদেশ কাস্টমস।ওই প্রবন্ধে আরও বলা হয়, ১৯৭২-৮০ সময়কালে সাত হাজার ৪৪১ কোটি টাকা, ১৯৮০-৯০ সময়কালে ৩১ হাজার ১৩ কোটি টাকা, ১৯৯০-২০০০ সময়কালে এক লাখ নয় হাজার ২২৩ কোটি টাকা ও ২০০০-০৭ সময়কালে এক লাখ ৮৯ হাজার ৯৫২ কোটি টাকার মোট রাজস্ব আদায় হয়েছে। তবে ১৯৭২-৮০ সময়ে মোট রাজস্বের মধ্যে আমদানি পর্যায়ের হার ৪৭ শতাংশ থাকলেও ২০০০-০৭ সময়কালে তা মাত্র এক শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৮ শতাংশে।বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বিমানবন্দর ও সমুদ্রবন্দরে এসে বিদেশিরা কেমন ব্যবহার পায়, তার ওপর নির্ভর করে বাংলাদেশের প্রতি তাদের ধারণা—ইতিবাচক না নেতিবাচক। সুতরাং পরিবর্তনের বিকল্প নেই।ফারুক খান আরও বলেন, কাস্টমস সম্পর্কে বিরূপ ধারণাটি যেমন দূর করতে হবে, তেমনই নিজেদের মধ্যে সার্বিক পরিবর্তন আনতে হবে কাস্টমসকেই।বাণিজ্যমন্ত্রী বিশ্বব্যাপী মেধাস্বত্ব হরণের ক্রান্তিলগ্নে বাংলাদেশের জীবজন্তু, গাছপালা, ফলমূল, মসলাসহ তৈরি পণ্যের স্বত্ব সংরক্ষণে কাস্টমস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান শুল্ককাঠামোর বড় ধরনের পরিবর্তনের প্রতি তাগিদ দেন। তিনি বলেন, কাস্টমসের বড় অসুবিধা হলো এর হারটা অনেক উঁচু পর্যায়ে। শুল্কহার বেশি থাকলে দেশজ শিল্প বিকাশ যেমন দুর্বল হয়, আবার শিল্প সংরক্ষণের সুযোগ নিয়ে অনেক দুর্বল খাতেও বিনিয়োগ হয় অধিক পরিমাণে।চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর দেশে আর কোনো প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) কোম্পানিকে দেখতে চান না বলে জানান এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ।এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এখন থেকে প্রতিবছর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হবে।’ বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য উল্লেখ করে তিনি বলেন, শুল্ক প্রশাসনের দক্ষতার দিক থেকে চীন, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। তাই কার্যকর ও দক্ষ শুল্ক প্রশাসন গঠন জরুরি।মুক্ত আলোচনায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, একবার মূসক নিয়ে আবার তা ফেরত দেয় সরকার। এই টাকাটা আবার ব্যবহারও করতে পারে না। সুতরাং অহেতুক বাড়তি কাজটুকু সরকার না করলেই পারে বলে মনে করেন তিনি।আবদুস সালাম মুর্শেদী বলেন, বন্ডেড ওয়্যার হাউসের নিবন্ধন নিতে সশরীরে হাজির থেকে অহেতুক ১০ প্রকারের কাগজপত্র জমা দিতে হয়। ব্যবসায়ীদের প্রতি আস্থার অভাব বলেই এমন বিধান বহাল রাখা হয়েছে।ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান বলেন, শুল্ককাঠামোতে স্বয়ংক্রিয় ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি গ্রিন চ্যানেলে জিজ্ঞাসাবাদ ও মালপত্র পরীক্ষা করার বিষয়েও আপত্তি জানান।এফবিসিসিআইয়ে পরিচালক আবদুল হক বলেন, মেধাবী ও দক্ষ জনবল নিয়োগ দেওয়া ছাড়া রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয়।মুক্ত আলোচনায় আরও অংশ নেন সাংসদ এম এ মান্নান, সরকারি প্রতিষ্ঠান কমিটির সাবেক চেয়ারম্যান এস এম আকরাম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক আখতার আহমেদ, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং সমিতির সভাপতি শেখ মো. খলিল, ঢাকা কাস্টমস এজেন্ট সমিতির সভাপতি খায়রুল বাসার প্রমুখ।ক্যাপশনআন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত —প্রথম আলো