রাজা অষ্টম অ্যাডওয়ার্ডের আরেক প্রেম
মার্কিন নারী ওয়ালিস সিম্পসনকে ভালোবেসে বিয়ের জন্য সিংহাসন ছেড়েছিলেন ব্রিটিশ রাজা অষ্টম অ্যাডওয়ার্ড। কিন্তু সেটাই তাঁর প্রথম প্রেম নয়। এর আগে অন্য নারীর সঙ্গেও তাঁর প্রেম ছিল বলে সদ্য প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ব্রিটিশ আইনজীবী ও সাবেক বিচারক অ্যান্ড্রু রোজের লেখা ‘দ্য প্রিন্স, দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য পারফেক্ট মার্ডার’ শীর্ষক বইয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে।অ্যান্ড্রু রোজ উল্লেখ করেছেন, সিংহাসন ত্যাগ করার ২০ বছর আগে ফ্রান্সের এক নারীর সঙ্গে অষ্টম অ্যাডওয়ার্ডের প্রেমের সম্পর্ক ছিল। ম্যাগি মেলার নামের ওই নারী তাঁর স্বামী মিসরের রাজপুত্রকে হত্যা করেছিলেন। আর এই হত্যার শাস্তি এড়াতে অষ্টম অ্যাডওয়ার্ডকে ভয় দেখিয়ে তিনি ফায়দা লোটার চেষ্টা করেন।যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ওই হত্যার জন্য গঠিত বিচার থেকে ১৯২৩ সালে মিলারকে খালাস দেওয়া হয়।লেখক রোজ দাবি করেছেন, মিলারের খালাস পাওয়ার ঘটনাটি ছিল দুঃখজনক। কিন্তু তাঁর গবেষণায় বেরিয়ে এসেছে, এর পেছনে ছিল একটি অজানা গল্প। বিচারের ছয় বছর আগে মিলারের সঙ্গে ব্রিটিশ রাজপুত্র অ্যাডওয়ার্ডের প্রেমের সম্পর্ক ছিল। বিচার থেকে খালাস পেতে ওই সম্পর্কের তথ্যপ্রমাণ ব্যবহার করেন মিলার। লেখক দাবি করেন, ওই প্রেমের সম্পর্কটির কথা বেশ সতর্কতার সঙ্গে ইতিহাস থেকে গায়েব করে দেওয়া হয়েছে।