রাজা এখন নিজের রাজ্যে
কদিন আগেই বলে দিয়েছেন, তাঁর ব্যাটে-বলে জ্বলে ওঠার পেছনে একজন প্রেরণাদায়ী হয়ে কাজ করছেন, সেই বিশেষ একজনের জন্য বিশ্বকাপটা জিততে চান। যুবরাজ সিং কথা রাখছেন। আর মাত্র দুই ধাপ দূরে। শুনতে যতটা কাছে শোনা, ব্যবধান কিন্তু এখনো প্রশান্ত মহাসাগরীয় দূরত্বে। যুবরাজ পারবেন কি না, জানা নেই। যেমন জানা নেই, ছাইভস্ম থেকে ফিনিক্স পাখির মতো তাঁর পুনর্জন্মের নেপথ্যে প্রেরণার অন্তত উৎস হয়ে থাকা মানুষটির নামও। যুবরাজ বলেছেন, ফাইনালে উঠলেই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল মেটাবেন, নামটি প্রকাশ করবেন।আজ যুবরাজের সেই ফাইনালে ওঠার দিন। আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে জিতলেই স্বপ্নের ফাইনাল। ‘বিশেষ’ দিনটিতে ‘বিশেষ’ কিছু করে দেখানোর আরও একটি উপলক্ষ যুবরাজের সামনে। আজ তিনি ফিরেছেন নিজের রাজত্বে। নিজের রাজত্বে মানে নিজের মাঠে। পাঞ্জাবি-পুত্তর আজ নামবেন নাড়িপোঁতা মোহালিতে। গ্যালারিতে থাকবে পড়শি-স্বজন। আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু জয় করে আসা যুবরাজ নিশ্চয়ই পাঞ্জাবও জয় করতে চাইবেন।জয় তাঁকে করতেই হবে। জন্মসূত্রে তিনি পাঞ্জাবের ‘যুবরাজ’, কিন্তু কর্তৃত্ব সূত্রে নন। পিসিএ স্টেডিয়ামে টেস্ট-ওয়ানডে মিলে সাত ইনিংসে ব্যাট করে মাত্র একটি ফিফটি তাঁর! ওয়ানডের দলগত রেকর্ডও ভালো নয়। এখানে যুবরাজ যে তিনটি ওয়ানডে খেলেছেন, দুটিতেই হেরেছে ভারত। যে ম্যাচটায় ভারত জিতেছিল, তাতে ব্যাটিং-বোলিং কোনোটাই করতে হয়নি তাঁকে।তবে এই যুবরাজ এমন নিষ্ক্রিয় হয়ে থাকতে ভালোবাসেন না। পারফরম্যান্সেই তাঁর প্রমাণ। বিশ্বকাপে এক সেঞ্চুরি, চার ফিফটিসহ ৩৪১ রান, গড় ১১৩.৬৬! সঙ্গে উইকেট ১১টি! এই যুবরাজ ভালোবাসেন সবটুকু আলো চুম্বকের আকর্ষণে টেনে নিতে। আজ তাই আরেকটি যুবরাজের দিন হয়ে ওঠার প্রবল সম্ভাবনা। সেটা হলে ভারত যেমন এগিয়ে যাবে স্বপ্নের পথে আরেক ধাপ, তেমনি যুবরাজও একটা ইতিহাস পুরে ফেলবেন হাতের মুঠোয়। আগের সাত ম্যাচের চারটিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এক বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কীর্তিতে দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারের সঙ্গে ভাগাভাগি তাঁর। আজ ম্যাচসেরা হলেই ক্লুজনারকে ছাপিয়ে যুবরাজ গড়ে ফেললেন এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার নতুন রেকর্ড।দুর্দান্ত এই ফর্ম যুবরাজকে করেছে প্রচণ্ড আত্মবিশ্বাসী, জয় তাঁদেরই হবে। আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেছে একটা ঘটনায়। আজকের সেমিফাইনালকে সামনে রেখে যুবরাজ ঘুরে এসেছেন বাড়ি থেকে, সময় কাটিয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে। পাঞ্জাবের ছেলে বলে হরভজন সিংও বাড়িতে ঢুঁ মেরে এসেছেন। কাটিয়েছেন মায়ের সঙ্গে একান্ত কিছুটা সময়। মায়ের সংস্পর্শ পুরো টুর্নামেন্টে নিষ্প্রভ হয়ে থাকা হরভজনকে স্বরূপে ফেরাবে কি!তবে মূল ফোকাসটা অবশ্যই যুবরাজের দিকে। শুধু মোহালির মানুষ নয়, আজ যুবরাজের দিকে তাকিয়ে থাকবে পুরো ভারত; তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্বও। ব্যাট হাতে মাঠে নামলেই রান, বল হাতে নিলেই উইকেট—অধিনায়ক ধোনির বাজির ঘোড়া তো যুবরাজই।