রাজা দেবাশীষ রায়ের বাসভবন আগুনে পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজবাড়ী নামে খ্যাত চাকমা রাজার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় রাজ পরিবারের কেউ সেখানে ছিলেন না। শুধু তিনজন কাজের মেয়ে ছিলেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। রাজা দেবাশীষ রায় বিদেশে অবস্থান করছেন।চাকমা রাজা দেবাশীষ রায়ের খালাতো ভাই রাঙামাটি পৌরসভার কমিশনার বিটু চাকমা জানান, তাঁর বাড়ি থেকে রাজার বাড়ি মাত্র ৬০০ গজ দূরে। তাঁরা সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজবাড়ী থেকে আগুনের শিখা উঠতে দেখে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তখন বাড়িতে ঢোকার কোনো উপায় ছিল না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাজদ্বীপ এলাকায় চাকমা রাজার বাড়ি অবস্থিত। ঘটনার কিছুক্ষণ পর দমকল ও বিদ্যুত্ বিভাগের লোকজন ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় ঘাটে আটকে যান। প্রায় আধাঘণ্টা পর তাঁরা নৌকাযোগে রাজদ্বীপ এলাকায় পৌঁছাতে সমর্থ হন।ঘটনার খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও পুলিশ সুপার মাসুদ উল হাসান ঘটনাস্থলে যান। তাঁরা আগুনে ছাই হয়ে যাওয়া রাজার বাড়ি ঘুরে দেখেন। জেলা প্রশাসক জানান, পুড়ে যাওয়া বাড়ির সামনে পুলিশের পাহারা বসানো হয়েছে।