রাজা পারভেজ আজমির যাচ্ছেন, সহযোগিতা করবে না মাজার কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে দোয়াপাঠে সহযোগিতা করবেন না বলে জানিয়ে দিয়েছেন আজমির শরিফের ধর্মীয় নেতা। আগামীকাল রাজা পারভেজের ভারতে সুফিসাধক খাজা মইনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করার কথা রয়েছে। এটি তাঁর ব্যক্তিগত সফর। আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে এ তথ্য জানানো হয়।আজমির শরিফের দরগা দেওয়ান জয়নুল আবেদিন আলী খান বলেন, ‘এটি করা হলে পাকিস্তানি সেনাদের হাতে নিহত ভারতীয় সেনাসদস্যদের পরিবারের প্রতি অসম্মান দেখানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না, তিনি (রাজা পারভেজ) কেন এখানে আসছেন।’ এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন জানান, আজমিরে হোটেল রামবাগ প্যালেসে রাজা পারভেজকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করা হয়েছে। তবে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে এমন কোনো বিষয় নির্দিষ্ট করা হয়নি।আগামীকাল সকাল নয়টার দিকে রাজা পারভেজ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে জয়পুরে পৌঁছবেন। সেখান থেকে আজমিরের উদ্দেশে রওনা হবেন। সেখানে দোয়াপাঠ শেষে আবার জয়পুরে ফিরবেন। সেখান থেকে সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশের উদ্দেশে রওনা হবেন তিনি।