রাজা মিয়ার কলার রাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত’—খনার এই বচন খাপে খাপে মিলে গেছে রাজা মিয়ার জীবিকার সঙ্গে। কৈশোরে সমবয়সী বন্ধুরা যখন রোমাঞ্চকর নানা কর্মকাণ্ডে মেতেছে, ওই সময় জীবিকার তাগিদে তাঁকে সংসারের হাল ধরতে হয়েছিল। মাথায় তুলে নিয়েছিলেন কলার ঝাঁকা। কলা বেচে টেনেটুনে সংসার চলছিল তাঁর। এভাবে কেটে যায় অনেক বছর। তারপর একদিন এক স্বজনের উৎসাহে কলা চাষে হাত দিলেন তিনি। পেলেন আশাতীত সাফল্য। রংপুরের পীরগঞ্জ উপজেলায় কলা চাষের অগ্রপথিক হিসেবে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তাঁর নাম। রাজা মিয়ার পথ ধরে কলা চাষ করে এখন স্বাবলম্বী ওই এলাকার শত শত চাষি।কৃষি বিভাগের হিসাবে পীরগঞ্জে কলাচাষির সংখ্যা এখন ১৫ হাজার ছাড়িয়ে গেছে। উপজেলার ১৫টি ইউনিয়নের এক হাজার ৯০০ হেক্টর জমিতে নিয়মিত কলার চাষ হচ্ছে। ভূমিহীনেরাও জমি ইজারা নিয়ে কলার চাষ করছেন। ব্যাপক ফলনের কারণে সেখানে গড়ে উঠেছে কলার বিশাল হাট। প্রতি সোম ও শুক্রবার ঢাকা-দিনাজপুর মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে এ হাট বসে। বিভিন্ন স্থান থেকে পাইকারেরা এ হাটে আসেন। তাঁদের হাত হয়ে এ কলা ছড়িয়ে পড়ছে ঢাকা, সিলেট, যশোর, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।সংগ্রাম ও সাফল্য: পীরগঞ্জ ইউনিয়নের গভেনাথপুর গ্রামে রাজা মিয়ার বাড়ি। এক সকালে কাঁচা-পাকা পথ ধরে ওই গ্রামে গিয়ে চোখ জুড়িয়ে গেল। গ্রামজুড়েই কলাখেত। সবুজের প্রাচুর্য যেন উপচে পড়ছে। রাজা মিয়া বাড়িতে ছিলেন না। জানা গেল, চাষিদের কলা চাষের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে গেছেন তিনি। বিকেলে কাবিলাপুর ইউনিয়নের সারামপুর গ্রামে দেখা মিলল তাঁর। সেখানে তিনি চাষিদের কলার বিভিন্ন রোগ প্রতিরোধে পরামর্শ দিচ্ছিলেন।রাজা মিয়া জানান, ১৯৬৫ সালে বাবা মারা গেলে অল্প বয়সেই তাঁকে সংসারের হাল ধরতে হয়। রংপুর শহর থেকে কলা কিনে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতেন। এভাবে চলতে থাকে দিন।১৯৯২ সালের এক সন্ধ্যা। বৃষ্টির কারণে সেদিন তিনি কলা বিক্রি করতে পারেননি। মন খারাপ করে বাড়ির পাশের মাঠে বসে ছিলেন। মাঠের সামনে দিয়ে পাশের উপজেলা পীরগাছার কুদ্দুস মিয়া যাওয়ার সময় তাঁকে দেখে দাঁড়ান। রাজার ঘনিষ্ঠ বন্ধু তিনি। মন খারাপের কারণ জেনে তাঁকে পরদিন দেখা করতে বলেন। যথাসময়ে রাজা হাজির হন কুদ্দুসের বাড়িতে। রাজাকে তিনি ৫০টি সাগর কলার চারা উপহার দিয়ে বলেন, ‘বাড়ির চারদিকে এসব চারা লাগাও। ১১ মাস পর ফল পাবে।’সুফল পান রাজা মিয়া। ঠিক ১১ মাসের মাথায় বাড়ির চারপাশে লাগানো গাছগুলোতে কলার ছড়ি দেখা দেয়। ওই কলা বাজারে বিক্রি করে তিনি ১৫ হাজার টাকা পান। এই অভাবনীয় সাফল্যে উৎসাহিত হয়ে রাজা পুরোদমে কলা চাষে নেমে পড়েন। এবার এক একর জমি ইজারা নিয়ে কলার চাষ করে তিনি পান ৯০ হাজার টাকা। এর পর থেকে তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠেছেন। এ বছর চার একর জমিতে কলার চাষ করেছেন তিনি।কলার টাকা দিয়ে রাজা মিয়া পাঁচ একর জমি কিনেছেন, করেছেন পাকা বাড়ি। বাড়িভর্তি আম, কাঁঠাল, সুপারি ও খেজুরগাছ। দুটি পুকুরে চলছে মাছ চাষ। আটটি গাভির একটি খামারও করেছেন। জমি চাষের জন্য ট্রাক্টর ও সেচযন্ত্র কিনেছেন। তাঁর খেত-খামারে প্রতিদিন ১৫-২০ জন মজুর কাজ করেন।রাজা মিয়া-জোলেখা খাতুন দম্পতির ছেলেমেয়েরা ভালো আছেন। ছোট দুই মেয়ে কলেজে পড়ছেন। ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন রাজা মিয়া।রাজার পথ ধরে: ধান ও তামাক ছাড়া আর কোনো ফসল চাষে পীরগঞ্জের কৃষকদের আগ্রহ ছিল না। রাজা মিয়ার রাতারাতি উন্নতি দেখে অনেকেই কলা চাষ শুরু করেন। তাঁরা প্রত্যেকেই সফল। এখন ১৫টি ইউনিয়নে কলার চাষ হচ্ছে। আশ্বিন-কার্তিকের মন্দার সময় উত্তরবঙ্গে যখন কর্মহীন মানুষ খুব কষ্টে দিন কাটায়, তখন পুরো পীরগঞ্জ থাকে কর্মমুখর।গভেনাথপুর গ্রামের কৃষক ময়েন উদ্দিন জানান, চাষাবাদের জন্য তাঁর তেমন জমি ছিল না। ১৯৯৯ সালে ৩৩ শতাংশ জমিতে তিনি কলার চাষ শুরু করেন। ১১ বছর ধরে কলা বিক্রির টাকায় তিনি তিন একর জমি কিনেছেন, পাকা বাড়ি করেছেন, মোটরসাইকেল কিনেছেন।সাত বছর আগে ফতেহপুর গ্রামের কবির উদ্দিন ছিলেন দিনমজুর। আশ্বিন-কার্তিক মাসে কাজের অভাবে না খেয়েও থাকতে হয়েছে তাঁকে। রাজা মিয়া তাঁকে বিনা মূল্যে কলার চারা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। কলা চাষে সফল হয়ে বাড়িতে তিনি টিনের ঘর তুলেছেন। এক একর জমি কিনে সেখানে কলার চাষ করে এবার তিনি এক লাখ ২০ হাজার টাকা আয় করেছেন বলে জানান।রায়পুরের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও বড়দরগার ইউপি চেয়ারম্যান নুরুল হক কলা চাষ করে বছরে তিন-চার লাখ টাকা আয় করেন বলে জানান। রামনাথপুরের ইউপি চেয়ারম্যান বাদশা মিয়াও একজন সফল কলাচাষি।পীরগঞ্জে কলার চাষ দিনমজুরদের অভাব দূর করেছে। ভেন্দাবাড়ী গ্রামের দিনমজুর লুৎফর রহমান, আমজাদ হোসেন, মমতাজ আলী, মিজানুর রহমান, আবদুল কাহারসহ অনেক মজুর বলেন, কলাখেতে কাজ করে তাঁরা প্রতিদিন ১২০ টাকা করে পাচ্ছেন। আশ্বিন-কার্তিক মাসে তাঁদের কর্মহীন বসে থাকতে হয় না।লাভের পাশাপাশি কিছু সমস্যা: পীরগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম রসূল জানান, মে থেকে অক্টোবর পর্যন্ত কলা রোপণ করা হয়। প্রতি একর জমিতে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ চারা লাগানো যায়। উৎপাদন-খরচ পড়ে ২০ থেকে ২২ হাজার টাকা। সাথী ফসল হিসেবে কলাখেতে সবজির চাষ করে একরে ২০-২২ হাজার টাকা বাড়তি আয় হয়। ১১ মাসের মাথায় খেত থেকে কলা তোলা হয়। এক একর জমির কলা বেচে এক লাখের বেশি টাকা পাওয়া যায়।মোটা অঙ্কের এই লাভের পাশাপাশি কিছু সমস্যাও আছে বলে পীরগঞ্জের কলাচাষিরা জানান। মদনখালী গ্রামের কৃষক আবদুস ছামাদ জানান, কলা বিক্রির বাজারব্যবস্থা গড়ে না ওঠায় এবং সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মৌসুমে প্রতিকূলতার মুখে কম দামে কলা বিক্রি করতে হয়।রাজাকে নিয়ে গর্ব: পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মকবুল হোসেন জানান, রাজা মিয়া পীরগঞ্জে কলা চাষের পথিকৃৎ। চাষিদের উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কলা দিয়ে শিশুদের জন্য চিপস ও বিভিন্ন খাদ্য প্রক্রিয়াজাত করা যেতে পারে। এ জন্য দরকার সরকারি-বেসরকারি পরিকল্পনা।উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘রাজা মিয়ার কারণে এখানকার কৃষিচিত্র বদলে গেছে। লাভ বেশি হওয়ায় আমাদের মতো জনপ্রতিনিধিরাও কলার চাষ করছেন। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।’