রাজা-রানি হওয়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা, রাজশাহীতে কি রাজা থাকে? থাকে রানি, রাজকুমার, রাজকুমারী, পাইক, পেয়াদা, লস্কর ইত্যাদি? ইতিহাস বলে এসব কাল্পনিক নয়, সত্য। বর্তমানেও আকস্মিকভাবে মিলে গেল তার সত্যতা। অভিভাবকরূপী রাজা-রানি আর শিক্ষার্থীরূপী রাজকুমার-রাজকুমারীদের দেখা মিলল গত ১ এপ্রিল ২০১১,যারা পড়ে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীতে, রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ভাষা নিয়ে ওদের ভীষণ আগ্রহ, গভীর ঔৎসুক্য। যার আয়োজক এইচএসবিসি ও প্রথম আলো। বিষয় ভাষা প্রতিযোগ। অনুষ্ঠিত হয় রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে। একেক স্কুলের একক রকম পোশাকে ওদের এক-একজনকে রাজকুমার-রাজকুমারীর মতো দেখাচ্ছিল। প্র্রতিযোগে এসেও ছিল না কোনো ভয়-শঙ্কা। হাসতে-খেলতে দেয় আধা ঘণ্টার পরীক্ষা। উৎসবের উদ্বোধন হয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে। মজার ব্যাপার হলো, যারা পরীক্ষা দিয়েছে, তারা নিয়েছেও। তবে লিখিত নয়, মৌখিক; যা ছিল বুদ্ধিদীপ্ত, চমকপ্রদ এবং পিলে চমকানোর মতো।প্রথম প্রশ্ন ছিল, পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী যুরাকা নাজিয়াতের। ‘বাংলা ভাষাটা মায়ের ভাষা, কিন্তু বাপের ভাষা নয় কেন?’বাংলা একাডেমীর সাবেক উপপরিচালক ফরহাদ খান সহজ ও সুন্দর করে উত্তর দেন। জানালেন, ‘আমরা ভাষাকে মায়ের সঙ্গে তুলনা করি, তাই মাতৃভাষা। জার্মানরা ওদের ভাষাকে পিতার সঙ্গে তুলনা করে, তাই ওদের ভাষা পিতৃভাষা।’ মুহূর্তের মধ্যে প্রশ্নবন্যা দেখা দেয়। কেননা, ভালো প্রশ্নের জন্য ছিল বই। দু-একজন যে গল্প করতে চেষ্টা করেনি, তা-ও নয়। তবে সঞ্চালক অরুণ বসু অবশ্য সবকিছু সামলে নিয়েছেন উপস্থাপনার গুণে। কেউ একটু এদিক-ওদিক হলেই কথার বান ছুটিয়ে তাকে মূল অনুষ্ঠানের সঙ্গে একাত্ম করেছেন। কখনো বা জানতে চেয়েছেন, ‘আমি কথা বলছি, তুমি ঘুরে বেড়াচ্ছ, তাহলে অনুষ্ঠান হবে কী করে?’সত্যিই তো তা-ই। সুতরাং, মুহূর্তে সবাই হয়ে যায় লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। জানতে চায়, কৃষ্ণ লিখতে কৃ-এর পরে ‘ষ’-এর সঙ্গে ‘ণ’ যুক্ত হয়, কিন্তু লেখার বেলায় ‘ষ’ এর সঙ্গে কেন ‘ঞ’-এর কুঁজোটা যুক্ত হয়? পাকিস্তানিরা প্রথম আমাদের ভাষার ওপর আঘাত হেনেছিল কেন? বাংলাদেশে ভাষাশহীদের সংখ্যা কত? ভাষাসংগ্রামের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের কেউ কেউ কি বেঁচে আছেন? কী কারণে একেক দেশের ভাষা একেক রকম হয়? প্রথম আলো লেখার ওপর সূর্যটা কেন? ভাষা প্রতিযোগ কেন—এ রকম নানা প্রশ্নে শিক্ষার্থীরা ভাষা উৎসবকে করে তুলেছিল প্রাণবন্ত। উত্তর দিতে প্রস্তুত ছিলেন অতিথিরা। মজার মজার সব প্রশ্নের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, ‘এমন একদিন ছিল, আমরা উত্তর দিয়ে কাউকে খুুশি করতে পারিনি। আর আজ প্রশ্ন করে আমাদের জব্দ করছ, এ জন্য পুরস্কার পাচ্ছ। এতেই বোঝা যায়, আমরা কতটা এগিয়েছি।’ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বই সঙ্গে এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর। কঠিন প্রশ্নে আর সন-তারিখের ক্ষেত্রে নির্ভুল ও সঠিক উত্তর জানানোর জন্য তিনি বই খুলে যখন উত্তর দিচ্ছিলেন, তখন শিক্ষার্থীরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছিল। অতিথি উত্তরদাতাদের মধ্যে আরও ছিলেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের শিক্ষক স্বরোচিষ সরকার ও বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার দ্বীজেন ব্যানার্জি।শুধু পরীক্ষা আর প্রশ্নোত্তর পর্ব নয়, রাজকুমার-রাজকুমারীদের মনোরঞ্জনের জন্য ছিল চ্যানেল আই সেরা কণ্ঠ তারকা মৌমিতা তাসরীন নদীর গান। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ কবিতা আবৃত্তি করে এবং গান গেয়ে সতীর্থ শিক্ষার্থীদের আনন্দ দেয়। সবশেষে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেনের হাতে ভেন্যু স্মারক তুলে দেন। তারপর পরীক্ষায় উত্তীর্ণ ঢাকার জাতীয় উৎসবে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তামজীরুল আলম, এইচএসবিসির কর্মকর্তা এমদাদুল ইসলাম, প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। চার বিভাগের বিশেষ স্থান অধিকারী ৪০ জনসহ মোট বিজয়ী ৫২ জন শিক্ষার্থীর নাম ঘোষণাসহ মেডেল, সনদ ও টি-শার্ট দেওয়া হয়। এরপর শেষ হয় আয়োজন। এবার যার যার মতো ফেরার পালা। সবার মধ্যেই অভিন্ন প্রত্যয়—ভাষা ভালোবেসে ওরা একদিন রাজা-রানি হবে। খুদে শিক্ষার্থীরা আলোড়িত হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কথায়, যা তাদের স্বপ্নের সমান বড় হওয়ার দীক্ষা দেয়। তিনি বলেন, ‘ভাষা ছাড়া কোনো সভ্যতা নেই, কোনো মানুষ নেই, মানুষের অস্তিত্ব নেই। মানুষের অস্তিত্ব প্রকাশ করে তার ভাষা। ভাষা দিয়েই মানুষকে সম্পূর্ণ হতে হয়।’ওরা সম্পূর্ণ হতে চায়। ভাষাকে ভালোবেসে পৌঁছে যেতে চায় স্বপ্নের পথে, মঙ্গলালোকে।রাজশাহীতে বিজয়ী যারাপ্রাথমিক: প্রথম সরকারি পিএন বালিকা বিদ্যালয়ের যুরাফা নাজিয়াত, দ্বিতীয় বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের রুকাইয়া বিনতে রশিদ এবং তৃতীয় ইউনিভার্স একাডেমির সৈকত তালুকদার। বিশেষ পুরস্কার: ইমতিয়াজ আহমেদ, নিশাত তাসমিন, বিতু ঘোষ, সুমাইয়া সিদ্দিকা, চৈতী চৌধুরী, শাহরিয়ার এম ফাহিম, নাঈমা মুবাশ্বিরা, ইমরান নাজির খান, মাশফিক আনজুম ও আনিকা বুশরা।নিম্নমাধ্যমিক: প্রথম রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ঋত্বিক বসাক, দ্বিতীয় বগুড়া জিলা স্কুলের অন্তর কুমার সাহা এবং তৃতীয় রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিফাত উন নুরী। বিশেষ পুরস্কার: অরুণিমা দে, মেহেদী হাসান, ইবরা খান, আফিয়া ইবনাত, মুমতা হিনাহ, হুমায়ন হায়াত, আনজুমান নিশাত, মো. ওয়াসিক উদ্দীন, তাজকেরাতুন সেতু ও নাভিদ তাহমিদ।মাধ্যমিক: প্রথম রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সানাউল হক, দ্বিতীয় সিংড়া দমদমা পাইলট উচ্চবিদ্যালয়ের আবদুল্লাহ হেল কাফী এবং তৃতীয় রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের আসিফ আহমেদ। বিশেষ পুরস্কার: আতিক ইশরাক, রুবাইয়া বিনতে রশীদ, সওদা নাফিলা, মো. মোহমিনুল কবির, মাহবুব মুর্শেদ, তৌসিক আহমেদ, খান ফাসীহ মনোয়ার, মোস্তফা রাফিদ, দেবারতী সরকার ও প্রাচুর্য সরকার।উচ্চমাধ্যমিক: প্রথম জয়পুরহাট সরকারি কলেজের আল আমিন হোসেন, দ্বিতীয় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের এস এম রেজওয়ান হোসাইন এবং তৃতীয় রাজশাহী কলেজের মো. নিয়াজ মোর্শেদ। বিশেষ পুরস্কার: হাসিবুল হাসান, মুক্তাদির আহমেদ, মেহেদী হাসান, মো. ফাহিম খান, খন্দকার শফিক রহমান, আশীষ মহন্ত, আবদুল্লাহ আল নাঈম, এ এস এম আহসান উল হক, এম এল ও আসিফ আলী।রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অর্থায়নে ২০১০ সালে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু। রাজশাহী শালবাগানের স্টেডিয়ামের পাশে মনোরম পরিবেশে ১ দশমিক ৭০৮৭ একর জায়গার ওপর প্রতিষ্ঠানটি অবস্থিত। এখন শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ১৭০। প্রতিষ্ঠানের কলেজ শাখায় অধ্যক্ষ-উপাধ্যক্ষের কার্যালয়, শিক্ষক লাউঞ্জ, ল্যাবরেটরি, মিলনায়তন ও ১২টি শ্রেণীকক্ষসহ চারতলা ভবন এবং বিদ্যালয় শাখায় শিক্ষক লাউঞ্জ, পাঠাগার, কমন রুম, ল্যাবরেটরি ও ১৯টি শ্রেণীকক্ষসহ চারতলা ভবন রয়েছে।সেরাদের সেরাসানাউল হকদশম শ্রেণী, রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল।