রাজাকার ক্যাম্প উদ্বোধনকালে নিজামীকে সেখানে দেখেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী মো. তফাজ্জল হোসেন। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের মে মাসের মাঝামাঝি সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে রাজাকার ক্যাম্প উদ্বোধনের সময় তিনি নিজামীকে দেখেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নিজামীর উপস্থিতিতে তফাজ্জলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী।জবানবন্দিতে সাক্ষী বলেন, তাঁর বর্তমান বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে হলেও মূল বাড়ি সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নে, মতিউর রহমান নিজামীর বাড়িও একই ইউনিয়নে। নিজামীর বাড়ি মন্মথপুর গ্রামে, তাঁর বাড়ি খান মোহাম্মদপুর গ্রামে। তিনি ও নিজামী বোয়ালমারী মাদ্রাসায় একই শ্রেণীতে পড়তেন। ১৯৬৫ সালে তিনি সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।তফাজ্জল হোসেন বলেন, একাত্তরের মে মাসের মাঝামাঝি রাজাকার ক্যাম্প স্থাপনের জন্য সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে ওই স্কুলে রাজাকার ক্যাম্প উদ্বোধন করা হয়। তিনি স্কুলে না গেলেও দূর থেকে দেখেছেন, ক্যাম্প উদ্বোধনের সময় নিজামী, মাওলানা আবদুস সুবহান, মাওলানা ইসহাকসহ ১০০-১৫০ রাজাকার ও কয়েকজন উৎসাহী লোক উপস্থিত ছিল। সভা শেষে তাদের কাছে তিনি জানতে পারেন, যাঁরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছেন তাঁদের মারতে হবে এবং যুবকদের রাজাকারে ভর্তি হতে উদ্বুদ্ধ করতে হবে। জুলাইয়ে তিনি চার-পাঁচজনের সঙ্গে ভারতের কেচুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা ক্যাম্পে চলে যান। সেখানে সত্তরের নির্বাচনে জয়ী এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি) অধ্যাপক আবু সাইয়িদের সঙ্গে তাঁর দেখা হয়। আবু সাইয়িদ তাঁকে বলেন, গেরিলা যুদ্ধ সংগঠিত করতে তাঁকে প্রয়োজন। কারণ তিনি শিক্ষক, তাঁর অনেক ছাত্র আছে, তাদের সংগঠিত করতে হবে। তিনি তখন এলাকায় ফিরে সংগঠনের কাজে যুক্ত হন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, সেপ্টেম্বরে রাজাকাররা নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার শুরু করে। রাজাকাররা সোনাতলা গ্রাম থেকে দুজনকে ধরে এনে দৌলতপুর গ্রামের রাস্তার পাশে গুলি করে হত্যা করে। আরও কয়েকজন গ্রামবাসীকে ধরে তাঁদের কয়েকজনকে পাইলট উচ্চবিদ্যালয়ে এবং বাকিদের নগরবাড়ী ঘাটের পাকিস্তানি সেনা ক্যাম্পে আটকে রাখে। আটক ব্যক্তিদের মধ্যে পাবনা এডওয়ার্ড কলেজের শারীরিক প্রশিক্ষক ও চামরপুর গ্রামের কালুসহ অনেকের খোঁজ পাওয়া যায়নি। ২৭ নভেম্বর পাইলট উচ্চবিদ্যালয়ের রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালান। আক্রমণের নেতৃত্বে ছিলেন শাহজাদপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার মুকুল। ওই আক্রমণে ২৬-২৭ জন রাজাকার মারা যায়, ১৪ জন রাজাকার ধরা পড়ে। এর পর থেকে ওই এলাকা মোটামুটি দখলদারমুক্ত ছিল। ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ওই রাজাকার ক্যাম্পের পাশে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে সভা করছিল। তিনিও সভায় ছিলেন। তাঁরা সবাই তখন ছিলেন নিরস্ত্র। ওই সভায় পাকিস্তানি সেনা ও রাজাকাররা একসঙ্গে হামলা চালায়। তাঁর বাঁ চোখে গুলি লাগে, পরে এটি নষ্ট হয়ে যায়। আক্রমণে মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যান, তিনি অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। লোকজনের সেবা-শুশ্রূষায় তাঁর জ্ঞান ফেরে।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, নিজামী, সুবহানদের অনুগত রাজাকাররা স্থানীয় হিন্দুদের ওপর অত্যাচার ও লুটপাট করত। সুনীল জোয়ার্দ্দারের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করা হয়েছিল। সুনীলের স্ত্রী লজ্জায় পরে আত্মহত্যা করেন।জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন সাক্ষী তফাজ্জল। ৪ জুন আসামিপক্ষ তাঁকে জেরা করবে।