রাজাকার গঠন করেছে আওয়ামী লীগ—এবার জামায়াতের দাবি
রাজাকার বাহিনী গঠন করেছে আওয়ামী লীগের চেয়ারম্যানরা; জামায়াত নয়—এবার এমন দাবি করল জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় দেশের ৯৯ ভাগ চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের লোক। রাজাকার, শান্তিবাহিনী নিয়োগ দিয়েছে তারা আর পুলিশের এসপিরা। তারা অপরাধী হবে না আর জামায়াত নেতাদের বিচার করবেন, এমন দুমুখো নীতি দেশবাসী সহ্য করবে না।’বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এসব কথা বলেন।এর আগে গতকাল বুধবার অন্য এক অনুষ্ঠানে এ টি এম আজহারুল নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করেছিল। একজন জাতীয় অধ্যাপকের নাম উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘ওই অধ্যাপক যে সেক্টরে যুদ্ধ করেছেন, আমরাও সে সেক্টরে যুদ্ধ করেছি। তিনি যদি মুক্তিযুদ্ধের সময় নয় মাস সরকারি চাকরি করে রাজাকার না হন, তাহলে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করে কেন রাজাকার হব। আমরাও মুক্তিযোদ্ধা।’আজকের অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, ‘জামায়াত সব সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জামায়াতকে গালিগালাজ করা হচ্ছে, কিন্তু জনগণ সব জানে। মানবতাবিরোধী বিচারের উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার প্রহসনের নাটক করছে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, তবে জনগণ তা হতে দিবে না।’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করে মকবুল আহমাদ আরও বলেন, ‘জাতির পিতা যা করে গিয়েছেন তাঁর দল তা মানেন না। তিনি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার বিষয় মীমাংসা করেছেন। এখন তাঁর সিদ্ধান্ত তাঁর শিষ্যরা মানে না কেন।’ বুদ্ধিজীবী ও বিজয় দিবস আসলেই তারা (আওয়ামী লীগ) আমাদের রাজাকার, আল-বদর, আল-শামস বলে গালাগালি করে। এখন জাতির কোন্দলের সময় নয়, এখন ঐক্যের সময়।