রাজাকার বাবার মুক্তিযোদ্ধা মেয়ে
সায়েরা যখন জানলেন তাঁর বাবা রাজাকার, তখন কী এক অজানা ক্ষোভ জমে উঠল তাঁর মনে। বাবা আবদুল আজিজের কাছে কারা যেন আসছে-যাচ্ছে। ফিসফিস করে কথাবার্তা হচ্ছে। ষোড়শী সায়েরা মাকে জিজ্ঞেস করেন, মা, এরা কারা? মা উত্তর দিতে পারেন না। ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দপুর তখন আতঙ্ক আর অনিশ্চয়তায় কাঁপছে। আড়াল থেকে বাবার কাছে আসা লোকজনের কথা শুনলেন সায়েরা। বুঝতে বাকি রইল না, বাবা মুক্তিযোদ্ধাদের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে খোঁজখবর জানাচ্ছেন। শেষ পর্যন্ত বাবাকে গিয়ে বললেন সায়েরা, ‘আব্বা, তুমি এগুলা কইরো না। দেশের মানুষ এত কষ্ট করতাছে দেশ স্বাধীনের জন্য, তুমি তাদের বিরুদ্ধে যাইয়ো না।’বাবা আবদুল আজিজ মেয়েকে ধমক দিয়ে বলেন, ‘বেটি, এত কতা কইস না, তুই এগুলা বুঝবি না।’ বহুদিন পর, এ বছরের নভেম্বর মাসে স্মৃতিচারণা করতে গিয়ে সায়েরার দীর্ঘশ্বাস, ‘বাবার মুখের উপরে কথা কইবার আর সাহস পাইলাম না আমি।’ ১৯৭১ সালের ১৯ নভেম্বর হানাদারমুক্ত হয়েছিল মুকুন্দপুর। এ বছর সেখানে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী হলো। সেখানেই কথা হচ্ছিল তাঁর সঙ্গে। আমরা আবার ফিরে যাই একাত্তরে। বাবার এই অবস্থান একেবারেই মানতে পারেননি সায়েরা। সায়েরা সিদ্ধান্ত নিলেন, রাজাকারদের সঙ্গে বাবার গোপন ষড়যন্ত্রের কথা এবং বিভিন্ন তথ্য জানিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করবেন। মুক্তিযোদ্ধাদের অনেকেই ছিলেন তাঁর পরিচিত। সেই সুবাদে তাঁদের সঙ্গে গোপনে দেখা করতেন। তথ্য বের করার জন্য বাবাকে কৌশলে নানা কথা জিজ্ঞেস করতেন। ‘আমি জিগাইতাম, আব্বা, মুক্তিফৌজ কি পাক আর্মিগো লগে জিততে পারব? তখন আব্বা জবাব দিতেন, ‘না, পারব না।’ তখন জিজ্ঞেস করতাম, ‘আব্বা, পাকিস্তানিরা সংখ্যায় কতজন?’ বাবা বলতেন, ‘৭০ থেকে ৮০ জন হইব।’ এভাবে আস্তে আস্তে কৌশলে বাবার কাছে খবর জেনে নিতেন সায়েরা। আবার জিজ্ঞেস করতেন, ‘আব্বা, ওগো কাছে কী অস্ত্র আছে?’ মেয়ের কৌতূহল দেখে বাবা বলতেন, ‘একনলা, দুনলা, তিন পায়া বন্দুক, বোমা—এগুলা আছে।’ এখন পাকিস্তানি সেনারা কোথায় আছে, কোথায় আক্রমণ করবে—এই কথাগুলোর উত্তর খুব মন দিয়ে শুনতেন সায়েরা।আবার গোপনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করে এসব তথ্য জানাতেন তিনি। মুক্তিযোদ্ধারাও তাঁর কথার ওপর ভিত্তি করে এগোতেন সামনের দিকে। আর এভাবেই সে সময় শত্রুপক্ষের অবস্থানসহ নানা ধরনের নির্ভুল তথ্য জেনে নিয়ে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে সহজে নাজেহাল করতে পেরেছিলেন। আবদুল আজিজ এখন আর বেঁচে নেই।মুক্তিযুদ্ধের সময় মুকুন্দপুরের সাব-সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সায়ীদ আহমেদ মুকুন্দপুরে এই পুনর্মিলনী অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এই মহতী নারীকে। সায়ীদ আহমেদের মুখেই শোনা যাক তাঁর কথা, ‘মুক্তিযুদ্ধের সময় সায়েরা বেগম আমাদের গোপনে অনেক খবর দিতেন। কোনো বিপদের খবর থাকলে আমাদের সতর্ক করে দিতেন। তাঁর দেওয়া তথ্য এতটাই নির্ভুল ছিল যে এর ওপর ভিত্তি করে আমরা মুকুন্দপুরের যুদ্ধে অনেক সফলতার সঙ্গে কাজ করেছিলাম।’ সায়ীদ আহমেদ বলেন, ‘বাবা রাজাকার হওয়ার পরও তিনি যেভাবে আমাদের তথ্য দিয়ে সহায়তা করতেন, আমরা বিস্মিত হতাম। তাঁর এই ঋণ কখনোই ভোলার নয়।’সায়েরা বেগম বলেন, ‘মুক্তিফৌজগো খবর জানাইয়া মনের ভিতরে যে শান্তি হইত, তা বইলা বুঝাইবার পারমু না। আমারই তো দেশ, দেশের লাইগাই আমি সেদিন আমার আব্বার গোপন কথা মুক্তিবাহিনীগো বলতাম। দেশ স্বাধীনের পর আমি যুদ্ধাপরাধীদের বিচার চাইছি, এমনকি আমার আব্বারও বিচার চাইছি। এখনো রাজাকারদের কথা শুনলে গা জ্বালা কইরা ওঠে। মনে চায়, ওগো গুলি কইরা মারি।’সায়েরা বেগম তাঁর কষ্টের কথাও জানালেন। স্বাধীনতার পর তাঁর বিয়ে হয়। কয়েক বছর আগে তাঁর স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘরে শয্যাশায়ী। পঙ্গু স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে তিনি চারদিকে অন্ধকার দেখছেন। সায়েরা বেগম সেদিন মুক্তিযোদ্ধা সমাবেশে বলেছেন, ‘আমি ভাতা পাই না। অনেক কষ্টে দিন কাটে। সেদিন যা করছি, দেশের জন্য করছি। ৪০ বছর পর যে স্যাররা আইছেন, আমারে চিনছেন, খোঁজ নিছেন—এতেই আমার দুঃখ শেষ।’সায়েরা বেগমের দুঃসাহসিক কাজে ঝুঁকি ছিল। বিপদের আশঙ্কা ছিল। তিনি সেসব উপেক্ষা করেই মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। সায়েরা বেগমের খোঁজ কেউ নেয়নি। তাঁকে স্বীকৃতি দেয়নি। তাই মুক্তিযোদ্ধার সনদও তাঁর কপালে জোটেনি।