রাজাকারদের তালিকা করতে আবারও সাজেদার আহ্বান
মুক্তিযোদ্ধাদের নয়, রাজাকারদের তালিকা করতে আবারও আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের তালিকা করার দরকার নেই, এখন করতে হবে রাজাকারদের তালিকা।’ তিনি গ্রামে গ্রামে গিয়ে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও রাজাকারদের খুঁজে বের করে তাদের তালিকা তৈরি করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানোর পরামর্শও দেন তিনি।আজ শনিবার ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজধানীর কমলাপুরে মতবিনিময়কালে সৈয়দা সাজেদা চৌধুরী এসব কথা বলেন। সাজেদা চৌধুরী বলেন, ৪০ বছরে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হতে পারেননি। এখন তাঁদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের ধ্বংসের চেষ্টা করেন। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যুদ্ধ শেষ হয়নি। মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমানেরা বারবার আসলেও কিছুই করতে পারবে না।’মাহফুজ সর্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ঢাকায় যেন রাজাকার, আল-বদররা বাস করতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী।