রাজাকারদের নিয়ে কবিতা লেখায়...
নড়াইলে যুদ্ধাপরাধী ও রাজাকারদের নিয়ে কবিতা লেখায় কবি একরামুল হককে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় কবিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩১ জানুয়ারি সদর উপজেলার সুবুদ্ধিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, তিনি নড়াইল সাহিত্য পরিষদের সংগীতবিষয়ক সম্পাদক এবং হবখালী কলেজের অফিস সহকারী। তাঁর বাড়ি সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে। এ ঘটনায় শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ক্লাস বর্জন, রাস্তায় মিছিল-সমাবেশ এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে। জেলা সাহিত্য পরিষদ বিজয় দিবস উপলক্ষে ‘সাহিত্য কলি’ নামে একটি স্মরণিকা বের করে। এ সংখ্যায় ইকরামুল হকের বিজয়গীত নামের একটি কবিতা প্রকাশিত হয়। কবিতায় তিনি মুক্তিযুদ্ধকালে রাজাকারদের অত্যাচারের বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন। একরামুল হক বলেন, ‘এ ধরনের কবিতা লেখায় স্থানীয় জামায়াত কর্মীরা ক্ষিপ্ত হয়। ঘটনার দিন মামার বাড়ি সদর উপজেলার হাড়িগড়া থেকে নিজের বাড়ি রতডাঙ্গা ফেরার পথে সুবুদ্ধিডাঙ্গা গ্রামে পৌঁছালে কাগজীপাড়া গ্রামের জামায়াত কর্মী ও চিহ্নিত রাজাকার নূরুল হক (৫৬) ও মাসুদ শিকদারসহ কয়েকজন কবিতা লেখার কথা উল্লেখ করে আমাকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাঁরা অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।’ এ ব্যাপারে জামায়াতের জেলা আমির নুরুন্নবী জিহাদী বলেন, সদর উপজেলার কাগজিপাড়া গ্রামে নূরল হক ও মাসুদ নামে জামায়াতের কোনো কর্মী কিংবা সমর্থক নেই। কলেজের অধ্যক্ষ বি এম বুলবুল হোসেন বলেন, ঘটনাটি অমানবিক। কলেজের ছাত্রছাত্রীরা সন্ত্রাসীদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। জেলা সাহিত্য পরিষদ এ ঘটনার নিন্দা এবং অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে মামলা করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।