রাজাকাররা কামারুজ্জামানের কথায় ওঠাবসা করত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী মো. জালাল উদ্দিন। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে কামারুজ্জামান শেরপুরে রাজাকারদের নেতা ছিলেন। সাক্ষী মো. জালাল উদ্দিন বলেন, সোহাগপুর ও বেনুপাড়া গ্রামে কামারুজ্জামান ও স্থানীয় রাজাকাররা পাকিস্তানি সেনাদের নিয়ে প্রায় ২৪৫ জনকে হত্যা করে। রাজাকাররা কামারুজ্জামানের কথায় ওঠাবসা করত।আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এ সময় কামারুজ্জামান আদালতে হাজির ছিলেন।জালাল উদ্দিন বলেন, তাঁর বাবা শহীদ সফির উদ্দিন। তাঁদের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে। প্রায় আধা ঘণ্টার জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। একটি প্রশ্ন শেষ হলে এই মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।