রাজাকারসহ সহযোগী বাহিনী নিয়ন্ত্রণ করতেন গোলাম আযম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম (৬৭) জবানবন্দিতে বলেছেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটি প্রভৃতি সহযোগী বাহিনী বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছে। গোলাম আযম ও তাঁর সঙ্গীরা এসব সহযোগী বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন।মাহবুবউদ্দিন (এসপি মাহবুব হিসেবে বেশি পরিচিত) এ মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি গতকাল রোববার জবানবন্দি দেন।আসামির কাঠগড়ায় গোলাম আযমের উপস্থিতিতে মাহবুবউদ্দিন প্রায় দুই ঘণ্টা জবানবন্দি দেন। একাত্তরে তিনি তৎকালীন ঝিনাইদহ মহকুমার এসডিপিও (সাব-ডিভিশনাল পুলিশ অফিসার) ছিলেন। তিনি জবানবন্দির শেষ পর্যায়ে বলেন, সত্তরের নির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, পিডিপি প্রভৃতি রাজনৈতিক দল একাত্তরের এপ্রিলের প্রথম দিকে টিক্কা খানের সঙ্গে দেখা করে। তারা ২৫ মার্চ থেকে পাকিস্তানিদের অপারেশন সার্চলাইট সমর্থন এবং পাকিস্তানি সেনাদের সহায়তা করতে সারা দেশে শান্তি কমিটি গঠনের পরিকল্পনা করে। টিক্কা খানের সঙ্গে যাঁরা দেখা করেছিলেন, তাঁদের মধ্যে গোলাম আযম, খাজা খয়েরউদ্দিন ও নুরুল আমিন ছিলেন বলে শোনা যায়। জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ (বর্তমানে ইসলামী ছাত্রশিবির) রাজাকার ও আলবদর বাহিনী গঠন করে। শান্তি কমিটি ও রাজাকার বাহিনীকে সশস্ত্র করতে গোলাম আযম প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করেছিলেন বলে তিনি শুনেছেন। এসব বাহিনীকে বৈধতা দিতে পরে আনসার বিলুপ্ত করে রাজাকার বাহিনী গঠন করা হয়। রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটির যারা আগ্রহী ছিল, তাদের অস্ত্রশস্ত্র এবং বেতন-ভাতা দেওয়া হয়। মুক্তিযুদ্ধকালে ধরা পড়া রাজাকার, আলবদরদের কাছ থেকে শুনে এবং তৎকালীন পত্রপত্রিকা পড়ে তিনি এসব তথ্য জেনেছেন।মাহবুবউদ্দিন জবানবন্দিতে বলেন, ৮ নম্বর সেক্টরে যুদ্ধকালে তিনি পাকিস্তানি সেনাদের সঙ্গে সশস্ত্র অবস্থায় রাজাকার, আলবদর প্রভৃতি সহযোগী বাহিনীর সদস্যদের দেখেছেন। তারা পাকিস্তানি সেনাদের সঙ্গে চলাফেরা করত, যেসব বাড়ি, গ্রাম বা অঞ্চলে মুক্তিকামী মানুষ থাকত, তাঁদের পাকিস্তানি সেনাদের দেখিয়ে দিত ও হত্যা করত। এলাকার সুন্দরী তরুণীদের ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে পৌঁছে দিত। চুকনগরে কয়েক হাজার মানুষকে তারা গণহত্যা করেছে। এমন গণহত্যা বাংলাদেশের সর্বত্র করা হয়েছে বলে তিনি শুনেছেন। রাজাকার, আলবদর, আলশামস প্রভৃতি বাহিনী পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে গণহত্যা, নারী নির্যাতন, লুটপাট, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মুক্তিযোদ্ধাদের ‘দেশদ্রোহী’ বলে নিজেদের ‘দেশপ্রেমিক’ বলেছে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টায় একাত্তরের ১৪ ডিসেম্বর তারা ঢাকার মিরপুরে বুদ্ধিজীবীদের গণহারে হত্যা করেছে।জবানবন্দির শুরুতে মাহবুবউদ্দিন বলেন, একাত্তরের ২২ মার্চ তাঁর বন্ধু মেহেরপুরের এসডিও (সাব-ডিভিশনাল অফিসার) তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মাগুরার এসডিও ওয়ালিউল ইসলাম, রাজবাড়ীর এসডিও শাহ মোহাম্মদ ফরিদ ও নড়াইলের এসডিও কামালউদ্দিন সিদ্দিকী ঝিনাইদহে তাঁর বাসায় যান। সেখানে তাঁরা দেশের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা করে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখার এবং জনগণের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনের ওয়্যারলেস বেস থেকে খবর আসে, পাকিস্তানি সেনারা সেখানে আক্রমণ করেছে। তিনি গিয়ে স্থানীয় মানুষ, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের ডেকে আনেন। সবাই মিলে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। ঝিনাইদহ অস্ত্রাগারে থাকা ৪০০টি থ্রি নট থ্রি রাইফেল বের করে সবাইকে দিয়ে মুক্তিবাহিনী গঠন করেন। তিনি বলেন, ঝিনাইদহের আট মাইল উত্তরে গাড়াগঞ্জ সেতু এবং পাঁচ মাইল দক্ষিণে বিষয়খালী কালভার্ট। এ দুই জায়গায় রাস্তা কেটে পানির সঙ্গে মিলিয়ে ওপরে চাটাই বিছিয়ে ও আলকাতরা ঢেলে বুবি ট্র্যাপ তৈরি করা হয়। দূর থেকে দেখে তা বোঝার উপায় ছিল না। এই ফাঁদের উল্টো দিকে ট্রেঞ্চ (খাদ) তৈরি করে মুক্তিবাহিনী অবস্থান করে। ২৮ মার্চ চুয়াডাঙ্গা ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস) ৮ নম্বর উইংয়ের কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরী তাঁকে চুয়াডাঙ্গায় ডাকেন। সেখানে বন্ধু তৌফিকের সঙ্গে আবার দেখা হয়। যুদ্ধ পরিচালনার সুবিধার্থে আবু ওসমান তাঁকে (মাহবুব) ও তৌফিককে ক্যাপ্টেনের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ২৯ মার্চ বেলা ১১টার দিকে ঝিনাইদহের আওয়ামী লীগের সাংসদ এ কে এম এ আজিজের বাসায় গিয়ে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ ও ব্যারিস্টার আমীর-উল ইসলামের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি তাঁদের চুয়াডাঙ্গা হয়ে চ্যাংখালী বিওপি (সীমান্ত চৌকি) দিয়ে সীমান্ত পার করিয়ে দেন।জবানবন্দিতে মাহবুবউদ্দিন কয়েকটি সম্মুখযুদ্ধের দীর্ঘ বিবরণ দেন। তিনি বলেন, তিনি ১৪ এপ্রিল চুয়াডাঙ্গা-মেহেরপুর হয়ে ১৬ এপ্রিল ভারতের বেতাই ক্যাম্পে যান। ১৭ এপ্রিল তৌফিক ও তিনি সঙ্গে থাকা গাড়ি ও কয়েকজন সেনা নিয়ে মেহেরপুরের বৈদ্যনাথতলায় যান। তাঁরা খবর পেয়েছিলেন, সেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার ঘোষিত হবে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করা হয়। মুক্তিবাহিনীর একটি চৌকস দল দেশের মুক্তিকামী মানুষ ও সশস্ত্র বাহিনীর পক্ষে নবগঠিত সরকারকে গার্ড অব অনার দেয়, যার নেতৃত্বে ছিলেন তিনি।মাহবুবউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। পরে তাঁকে জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।