রাজাকারের পরিচয়পত্রে মুজাহিদের স্বাক্ষর ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন সাংবাদিক মাহবুব কামাল। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে রাজাকারের পরিচয়পত্রে মুজাহিদের স্বাক্ষর ছিল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মাহবুব কামালের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।এই মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মাহবুব কামাল জবানবন্দিতে বলেন, একাত্তরে তিনি নটর ডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন, তাঁরা থাকতেন ফকিরাপুলে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ফকিরাপুল আঞ্চলিক শাখার সাহিত্য সম্পাদক ছিলেন। তাঁর বাবার নাম নাইমউদ্দিন মণ্ডল, গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সদাতি গ্রামে।সাক্ষী বলেন, একাত্তরের ২৩ মার্চ তাঁর পরিবারের অন্য সদস্যরা গ্রামে চলে গেলেও তিনি বাসা দেখাশোনার জন্য ঢাকায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ফকিরাপুলের আবদুস সালাম (বর্তমানে বিএনপির নেতা), জি এম গাউস, হানিফ, মাওলা আলী, দিলু, শফিক, নাজুসহ আরও অনেকে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে নাজুকে রাজাকাররা ধরে নিয়ে হত্যা করে বলে তিনি জানতে পারেন। বাসা দেখাশোনার জন্য তিনি প্রত্যক্ষ যুদ্ধে অংশ না নিলেও মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা করেন। তিনি বলেন, তিনি ১৯ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়ি যান। ৩০ জুন আবার ঢাকায় ফকিরাপুলের বাসায় আসেন। ১৬ ডিসেম্বর পর্যন্ত সেখানেই ছিলেন।সাক্ষী আরও বলেন, একাত্তরে জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তানের আমির ছিলেন গোলাম আযম। জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন মতিউর রহমান নিজামী ও সাধারণ সম্পাদক ছিলেন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। পরবর্তী সময়ে মুজাহিদ ছাত্র সংঘের সভাপতি হন। রাজনীতি করার কারণে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে খোঁজ-খবর রাখতেন। মুজাহিদ ছাত্র সংঘের নেতা হওয়ায় তাঁকে আগে থেকে চিনতেন।মাহবুব কামাল বলেন, তাঁদের বাসার ১৫০-২০০ গজ দূরে গরম পানির গলিতে ফিরোজ মেম্বার ওরফে ফিরু মেম্বারের বাড়িতে রাজাকারদের ক্যাম্প ছিল। ওই ক্যাম্পে মুজাহিদ আসতেন। সেই সুবাদেও তিনি মুজাহিদকে চিনতেন। ক্যাম্পটিতে রাজাকার বাহিনীর যেসব সদস্য দক্ষতা দেখাত, তাদের আলবদরে উন্নীত করা হতো। আলবদর তখন ‘কিলার’ বাহিনী হিসেবে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের পর ফিরু মেম্বারের বাড়িকে তাঁরা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রূপান্তার করেন। তখন তাঁরা ওই ক্যাম্পে রাজাকারদের ফেলে যাওয়া অনেক নথিপত্র উদ্ধার করেন। কিন্তু সেগুলো সংরক্ষণ করা হয়নি।সাক্ষী বলেন, একাত্তরে চাকরি খোঁজার জন্য তাঁর দূর সম্পর্কের চাচাতো ভাই মহসিন আলী (বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের নিম্নমান সহকারী) ঢাকায় তাঁদের বাসায় আসেন। তিনি গ্রামে থাকাকালে মহসিন ওই বাসা দেখাশোনা করতেন। এ সময় মহসিন ফিরু মেম্বারের বাড়িতে অবস্থিত ক্যাম্পে রাজাকার হিসেবে যোগ দেন। বিষয়টি সে সময় তিনি জানতেন না। দেশ স্বাধীন হওয়ার পরপর মহসিন পালিয়ে যান। পরে তাঁর জিনিসপত্র খুঁজতে গিয়ে একটি পরিচয়পত্র পাওয়া যায়। সেই পরিচয়পত্র দেখে তিনি বুঝতে পারেন, মহসিন রাজাকার ছিলেন। ওই পরিচয়পত্রে ফিরু মেম্বারের স্বাক্ষর ছিল এবং প্রতিস্বাক্ষর হিসেবে মুজাহিদের স্বাক্ষর ছিল। বিভিন্ন সময়ে বাসা বদল করতে গিয়ে ওই পরিচয়পত্র হারিয়ে গেছে।মাহবুব কামাল বলেন, একাত্তরে পাকিস্তানি সেনারা যে অপরাধ করেছে, রাজাকার-আলবদররাও একই অপরাধে অপরাধী। বরং কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানি সেনাদের চেয়েও বেশি অপরাধ করেছে আলবদররা।প্রায় এক ঘণ্টার জবানবন্দির শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের সাক্ষী আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদকে শনাক্ত করেন। পরে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবীর। আপনার জন্ম তারিখ কত—আইনজীবীর এই প্রশ্নে তিনি বলেন, ১০ অক্টোবর ১৯৫৩ সাল। এরপর জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।মাহবুব কামাল জবানবন্দি দেওয়ার আগে এই মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালালকে জেরা সম্পন্ন করেন আসামিপক্ষের আইনজীবী। মুন্সি আহসান কবীর মত (সাজেশন) দেন, মুজাহিদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকায় প্রতিহিংসার কারণে ও নিজের বীরত্ব জাহির করতে এবং সরকারি ভাতা ও বাড়ি বরাদ্দ পাওয়ার আশায় সাক্ষী অসত্য, অবাস্তব সাক্ষ্য দিয়েছেন। এ সময় সাক্ষী বলেন, এ কথা ঠিক নয়।