রাজাকারের ফাঁসির রায়ে বিএনপি শোকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশে বিএনপি শোকাহত। এ কারণে এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তাদের এ নীরবতা দুরভিসন্ধিমূলক কিনা তা দেশবাসীর সন্দেহ। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে নেওয়া প্রস্তাব ও সিদ্ধান্ত জানানো হয়।হানিফ প্রশ্ন রেখে বলেন, যারা প্রকাশ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বন্ধ করার দাবি জানিয়েছিল, তারা কীভাবে আদালতের রায়কে অভিনন্দন জানাবে? বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় না বলেই এ বিচার বানচাল করতে বহু রাজনৈতিক কর্মসূচি দিয়েছিল। প্রকাশ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধের অভিযোগে আটককৃতদের মুক্তিও চেয়েছিলেন। ‘যুদ্ধাপরাধীদের বিচার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ’- বিএনপি সমন্বয়ক তরিকুল ইসলামের এই বক্তব্য সমালোচনা করে হানিফ বলেন, এটা ডাহা মিথ্যা কথা। তার এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ হয়েছে। আবারও এটা প্রমাণ হয়েছে, তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাচ্চু রাজাকার পালিয়ে থাকলেও তাঁকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ প্রসঙ্গে তিনি নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ দিয়ে বলেন, ওই ট্রাইব্যুনাল প্রথম ২২ জনের বিরুদ্ধে যে রায় দিয়েছিল তারা সবাই পলাতক ছিল।ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ অঙ্গ কিংবা সহযোগী সংগঠন নয়। ভ্রাতৃপ্রতিম সংগঠন। অপরাধের সঙ্গে ছাত্রলীগসহ যেই জড়িত থাকছে, তাঁকে আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের চার বছরে ব্যর্থতা বলে কিছু নেই। নির্বাচনী ইশতেহারে দেওয়া ওয়াদা পালনে সরকার সফল হয়েছে। তবে ব্যাপক অর্জন জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা যায়নি। এটাই শুধু ব্যর্থতা। আগামী এক বছরের মধ্যে সরকারের নির্বাচনী অঙ্গীকারের শতভাগ বাস্তবায়ন হবে। ‘বিরোধী দলীয় নেত্রীকে নির্বাচনের বাইরে রাখতে মামলা দেওয়া হচ্ছে’- বিএনপি নেতাদের এমন দাবি সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে বর্তমান সরকার কোনো মামলা দেয়নি। ইতিপূর্বে হওয়া মামলায় ধারাবাহিকভাবে চার্জশিট হচ্ছে। আইনি লড়াই করেই তাকে নির্দোষ প্রমাণ করতে হবে।