রাজাপুর-কাঁঠালিয়া সড়কে ১৭টি সেতু কালভার্ট ঝুঁকিপূর্ণ
ঝালকাঠির দুটি উপজেলা রাজাপুর ও কাঁঠালিয়ার মধ্যে যোগাযোগ স্থাপনকারী সড়কের আমুয়া বন্দর পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটারের মধ্যে ১৭টি সেতু ও কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া সড়কের অধিকাংশ স্থানই খানাখন্দে ভরে গেছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে কয়েক হাজার যাত্রী ও শতাধিক যানবাহন।সরেজমিন দেখা গেছে, সত্যনগরের সেতু, দক্ষিণ আঙ্গারিয়ার তালুকদার বাড়ির সামনের সেতু, পুটিয়াখালীর দাসের বাড়ির উত্তর পাশের কালভার্ট, দাসের বাড়ির খালের ওপর সীমানা দেয়ালবিহীন সেতু, কাঁঠালিয়ার মোল্লা বাড়ির সেতু, সাতানি সেতু, উত্তর বটতলা সেতু, কচুয়া বাজারের উত্তর পাশের সেতু, কাঁঠালিয়া থানার সামনের সেতু, তালতলা বাজারের সেতু, বাজারের পশ্চিম দিকের পাশাপাশি দুটি কালভার্ট, আকনেরহাটের দুটি সেতু ও উত্তর মুর্শিদাবাদের সেতুগুলো যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সেতুতে বাস-ট্রাক ওঠানামার সময় বাঁকের কারণে রেলিং বাসের বডিতে লেগে যায়। এ ছাড়া ঢালে বাঁক থাকায় সেতু পারাপারের সময় যানবাহন পাশের খালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অপরদিকে এসব সেতু ও কালভার্টের কয়েকটিতে বাস উঠলে পথচারীদের যাতায়াতের কোনো জায়গা থাকে না। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। সড়কের দুপাশে রয়েছে খাল। এ ব্যাপারে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াদুদ বলেন, ‘রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া সড়ক উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে।’