রাজাপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
ঝালকাঠিতে খেলার সময় দুই দলের বাগিবতণ্ডা এবং এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন খলিফা (৫৬) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।সংঘর্ষের সময় ছেলেকে বাঁচাতে গিয়ে অপর পক্ষের ছোড়া ইটের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার বিকেলে ঝালকাঠি-রাজাপুর সড়কের পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শনিবার শিক্ষক-ছাত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে বালকদের হ্যান্ডবল খেলা নিয়ে ঝালকাঠির সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকেলে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় দলের বাগিবতণ্ডা হয়। কর্তৃপক্ষ বিষয়টি তাৎ ক্ষণিক মীমাংসা করে দেয়। খেলায় টাইব্রেকারে কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হয়। পরে ফুটবল ও কাবাডি খেলার সময়ও উভয় দলের খেলোয়াড়দের হাতাহাতি হয়।খেলা শেষে বিকেলে কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল বাসযোগে বাড়ি ফিরছিল। পথে ঝালকাঠি-রাজাপুর সড়কের পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাজাপুর পাইলটের খেলোয়াড় ও সমর্থকেরা বাসটির গতিরোধ করে। এ সময় উভয় দলের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। রাজাপুরের খেলোয়াড় ও সমর্থকদের হাত থেকে রক্ষা পেতে কাঁঠালিয়ার কিছু শিক্ষার্থী পুলিশের পিকআপ ভ্যানে আশ্রয় নেয়।সংঘর্ষের একপর্যায়ে পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আহাদুলকে মারধর শুরু করে কাঁঠালিয়ার খেলোয়াড়েরা। ছেলেকে বাঁচাতে বাবা পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন খলিফা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যানে আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ইট ছুড়ে মারা হলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় শিক্ষক আলমগীর খলিফাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎ সাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান। এ ছাড়া দুই পক্ষের সংঘর্ষে আরও ১০ জন শিক্ষার্থী আহত হয়।শিক্ষকের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সকালে পুলিশ কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, দশম শ্রেণীর ছাত্র বশির উদ্দিন, অরবিন্দ মিস্ত্রি, সৌমিত্র চন্দ্র দেব ও নবম শ্রেণীর ছাত্র মহিম মণ্ডলকে আটক করে। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এদিকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে আলমগীর হোসেনের লাশ নিয়ে আসা হয় পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মুরাদ মিয়া বলেন, ‘একজন শিক্ষকের এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।’শিক্ষক নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানায়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, শিক্ষকের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।