রাজারবাগ পুলিশ লাইনে শিশুদের দিবাযত্ন কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের নারীপুলিশ ব্যারাকে শিশুদের জন্য ৩৬ শয্যার দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) চালু হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন।বাংলাদেশ পুলিশের উদ্যোগে এই দিবাযত্ন কেন্দ্রটি চালু করা হলো। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এটি পরিচালনা করবে। এর সার্বিক তত্ত্বাবধান করবেন পুলিশ সংস্কার কর্মসূচি ব্যবস্থাপক।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের পরিধি ব্যাপক। পুলিশের আন্তরিকতার কারণে জঙ্গিবাদ ও চাঁদাবাজি দমন করা সম্ভব হয়েছে। অন্যান্য খাতের মতো বাংলাদেশ পুলিশেও শিশুদের দিবাযত্ন কেন্দ্র চালু হলো। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে নারীপুলিশের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু সন্তান পালনের ক্ষেত্রে প্রায়ই তাঁদের সমস্যায় পড়তে হয়। এতে তাঁরা সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন না। সে কারণেই এই দিবাযত্ন কেন্দ্র চালু করা হয়েছে। এটি চালু হওয়ায় তাঁরা পুলিশি সেবা দেওয়ার পাশাপাশি সন্তানদেরও দেখাশোনা করতে পারবেন। সারা দেশে সরকারিভাবে প্রতিষ্ঠিত শিশুদের ৪৪টি দিবাযত্ন কেন্দ্র চালু রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।সাহারা খাতুন জানান, রাজারবাগ পুলিশ লাইনে ৩৬ শয্যার দিবাযত্ন কেন্দ্র চালু করা হলেও এখানে ৫০টি শিশুকে সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে ছয় মাস থেকে ছয় বছরের শিশুদের পরিচর্যা করা হবে। সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁদের সেবা দেওয়া হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব তারিক উল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন ও পুলিশ সংস্কার কর্মসূচির ব্যবস্থাপক হ্যাংক ভ্যান জেল।