রাজারবাগে গুলিতে ডিবি সদস্য আহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজারবাগে আজ শুক্রবার দুপুরে ছিনতাইকারীর গুলিতে লুত্ফর রহমান (৩০) নামের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লুত্ফর আজ বেলা দেড়টার দিকে চুল কাটানোর জন্য মোটরসাইকেলে করে রাজারবাগ পুলিশ হাসপাতাল-সংলগ্ন ট্রাফিক ব্যারাকের দিকে যাচ্ছিলেন। রাজারবাগ পাম্প রোডের টেলিকম ভবনের সামনে আসা মাত্র তিনি দেখেন, জনতা দুই-তিনজন যুবককে ‘ছিনতাইকারী’ বলে তাড়া করছে। তখন তিনি মোটরসাইকেল দিয়ে যুবকদের গতিরোধ করলে এক যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে লুত্ফর রহমান ঘাড়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ও পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভিডিও : হাসান রাজা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলো অনলাইনকে বলেন, ঘটনাস্থলের পাশে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। চিত্কার চেঁচামেচি শুনে তারা ঘটনাস্থলে ছুটে যায়। পরে ধাওয়া করে নাজমুল হোসেন (২১) নামের একজনকে অস্ত্রসহ আটক করা হয়।ছিনতাইয়ের সত্যতার ব্যাপারে জানতে চাইলে এসআই বলেন, এ ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। তবে ওই যুবকেরা ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হাবিবুর রশিদকে গুলি করতে এসেছিল বলে শুনেছি। ওই নেতার লোকজনের তাড়া খেয়ে যুবকেরা পালিয়ে যাচ্ছিল।এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এ ধরনের কথা আমিও শুনেছি। এ ব্যাপারে গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।’এদিকে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে শান্তিনগরের বাসা থেকে জুমার নামাজ পড়ার উদ্দেশে বের হন হাবিবুর রশিদসহ কয়েকজন নেতা-কর্মী। বাসার সামনেই এক ব্যক্তিকে সন্দেহ হলে ওই নেতা-কর্মীরা তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। রাজারবাগ পর্যন্ত গেলে দায়িত্বরত এক পুলিশ তাঁকে ঝাপটে ধরলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশ আহত হয়। গুলিবর্ষণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে হাবিবুর রশিদ হাবিবের প্রাণনাশের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।