রাজীব গান্ধী হত্যা: তিনজনের ফাঁসির আদেশ স্থগিত
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় জড়িত মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামির ফাঁসির আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন মাদ্রাজ হাইকোর্ট। আগামী ৯ সেপ্টেম্বর সূর্যোদয়ের আগেই এই তিনজনের ফাঁসি কার্যকর করার কথা ছিল। এলটিটিইর মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন সদস্য মুরুগান, সানথান ও পারারিভালারন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি তাঁদের আবেদন নাকচ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ এই তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিল। আসামিরা বর্তমানে ভেলোর কেন্দ্রীয় কারাগারে আছেন।১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুরে এলটিটিই জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় রাজীব গান্ধী নিহত হন।টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে বলা হয়েছে, আজ আসামিদের আইনজীবী রাম জেঠমালানি মাদ্রাজ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ‘এ সিদ্ধান্তের জন্য এমডিএমকে-এর নেতা ভাইকো এবং আদালতের ধন্যবাদ জানান উচিত, আমাকে নয়। ভাইকোর অনুরোধেই আমি এ মামলা পরিচালনা করতে সম্মত হয়েছি।’এদিকে এ মামলা থেকে তিন আসামির ফাঁসির আদেশ রদ করার ব্যাপারে উদ্যোগী হতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে অনুরোধ করেছিলেন ভাইকো। গতকাল সোমবার ডিএমকের প্রধান এম করুণানিধি এক বিবৃতিতে, ওই তিন আসামিকে বাঁচাতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছে আবেদন করেছেন। বিবৃতিতে করুণানিধি বলেছেন, ‘রাজীব গান্ধী বেঁচে থাকলে তিনি তাঁদের রক্ষা করতে পারতেন।’