রাজীব দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ: তোফায়েল
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ব্লগার রাজীব দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। রাজীব চলে গেছেন, কিন্তু তাঁর রক্ত দিয়ে উজ্জীবিত করে গেছেন তরুণ প্রজন্মকে। যার পরিপ্রেক্ষিতে গতকাল থেকে শাহবাগের কর্মসূচি আবারও লাগাতার করা হয়েছে।শাহবাগের গণজাগরণকে সমর্থন জানিয়ে আজ শনিবার ১৪ দল আয়োজিত পূর্বঘোষিত গণপদযাত্রার আগে গাজীপুরের টঙ্গীর আনারকলি সিনেমা হলের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তোফায়েল আহমেদ। তিনি একাত্তরের মতো আবারও গর্জে ওঠার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তবে তিনি বলেন, ‘এ গর্জে ওঠা কোনো খুনের জন্য নয়। গর্জে উঠতে হবে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি বাস্তবায়নের জন্য।’ জামায়াত-শিবিরকে খুঁজে বের করার এখনই সময় বলেও জানান তিনি। টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রমুখ। এ সময় বক্তারা শহীদ ব্লগার রাজীব হায়দারের প্রতি শ্রদ্ধা জানান। শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সঙ্গে সংহতিও প্রকাশ করেন তাঁরা।সমাবেশের পরে টঙ্গী টেলিফোন শিল্প সংস্থার মাঠসংলগ্ন এলাকা থেকে রাজধানীর উত্তরা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় ১৪ দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও নেতা-কর্মীরা অংশ নেন।