রাজীব হত্যাকাণ্ডে আটকদের ডিএনএ পরীক্ষা করাতে হবে: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর এবং জব্দ করা আলামতের ডিএনএ পরীক্ষা অবিলম্বে করাতে হবে। কেননা ডিএনএ পরীক্ষা সময়সাপক্ষে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনে ডিবির এক কমিশনারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন। বিলম্ব ছাড়াই ডিএনএ পরীক্ষা করার বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দিতে আইন কর্মকর্তাকে বলা হয়েছে। আজ ‘প্রথম আলো’য় প্রকাশিত এক প্রতিবেদনে ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, নিহত রাজীবের হাতের মুঠোতে পাওয়া চুল সন্দেহভাজন খুনিদের কি না, ডিএনএ প্রতিবেদন পাওয়া গেলে তা নিশ্চিত হওয়া যাবে। রিমান্ডে থাকা তরুণেরা ডিবিকে বলেছেন, ওই চুল তাঁদের কারও নয়। তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীবের চুলই কেটে মুঠোতে পড়েছে। উপকমিশনার বলেন, প্রয়োজনে রিমান্ডের পাঁচ আসামিরও ডিএনএ পরীক্ষা করা হবে।পরে যোগাযোগ করা হলে সহকারী অ্যাটর্নি জেনারেল মিয়া সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘ব্লগার রাজীবের লাশ উদ্ধারের সময় তাঁর হাতের মুঠোয় চুল পাওয়া যায়। আজ একটি পত্রিকায় ডিবির এক কমিশনার বলেছেন, প্রয়োজনে রিমান্ডের পাঁচ আসামিরও ডিএনএ পরীক্ষা করা হবে। এ বক্তব্যের বিষয়ে আদালত বলেছেন, ‘প্রয়োজনে কেন? অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে।’ ছুরিসহ জব্দ করা সব আলামতেরও ডিএনএ পরীক্ষা করতে বলেছেন আদালত। বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে জানানো হয়েছে। গত বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি সন্ত্রাসী উত্পাদনের ক্ষেত্র’ এমন অভিযোগের সত্যতা যাচাইয়ের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন একই বেঞ্চ।গত ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরের নিজ বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। লাশ উদ্ধারের সময় রাজীবের মুঠোভর্তি চুল পায় পুলিশ। ওই চুলের ডিএনএ বৃত্তান্ত সংগ্রহের জন্য জাতীয় ফরেনসিক প্রোফাইলিং পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় জড়িত থাকার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রকে গত শুক্রবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের ঘটনা জানার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পাঁচজনের ছাত্রত্ব স্থগিত করে পরে তাঁদের বহিষ্কার করে।