রাজীব হত্যাকাণ্ডে সংসদে শোক ও নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় সংসদ। সংসদের পক্ষ থেকে স্পিকার এই শোক ও নিন্দা জানান। আজ রোববার অধিবেশনের শুরুতে ফ্লোর চেয়ে Dঠে দাঁড়ান জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, রহমত আলী, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু। তবে স্পিকার তোফায়েল আহমেদকে ফ্লোর দেন।তোফায়েল আহমেদ বলেন, ‘দেশব্যাপী স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্মমভাবে নিহত হয়েছেন প্রজন্ম চত্বরের অন্যতম সংগঠক ও ব্লগার রাজিব আহমেদ। গত শুক্রবার তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। অগ্রণী ব্যাংকের একজন লিফটম্যানও এই আন্দোলনে মারা গেছেন। পুরো জাতি এ ঘটনায় শনিবার শোক প্রকাশ করেছে। তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে সংসদে এক মিনিট নীরবতা পালন করার অনুরোধ করছি।’জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আমি হাউজের সেন্টিমেন্ট বুঝি। সংসদে কিছু নিয়মকানুন আছে। তার মধ্যে এটি পড়ে না। আমিও সংসদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা আহমেদ রাজীব ও লিফটম্যানকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিহতদের পরিবার ও পরিজনের প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছি।’ এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় সাংসদেরা রাজীব হত্যার বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বলেন, ‘এত শক্তির বিস্ফোরণ ’৭১-এর পর কখনো ঘটেনি। ঘুমন্ত ভিসুভিয়াসের মতো ঝলসে উঠেছে তরুণ প্রজন্ম। ৪০ বছর ঘুমিয়ে থেকে ক্ষোভ বিস্ফোরণে রূপ নিয়েছে তরুণদের ওপর ভর করে। পৃথিবী ঘুমিয়ে পড়ে, শাহবাগ ঘুমায় না। অভিনন্দন তোমাদের।’পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ‘যারা ’৭১ বুঝত না, তারা দেশব্যাপী জাগরণের সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের যাত্রাকে ব্যাহত করার জন্য রাজীবকে হত্যা করা হয়েছে।’ দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, শাহবাগে তরুণদের জাগরণের শিখা সারা দেশে ছড়িয়ে পড়েছে। সবাই যার যার নিজস্ব ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। সন্তানেরা মাকে ফোনে বলছে, ‘মা আমি শাহবাগে।’ তা সত্ত্বেও যুদ্ধাপরাধীদের দৌরাত্ম্য বেড়ে চলছে। তারা শুক্রবার রাজীবকে হত্যা করে তারুণ্যের জয়যাত্রা ব্যাহত করার অপচেষ্টা চালিয়েছে।রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় আরও অংশ নেন সুবিদ আলী ভূঁইয়া, নুরুল মজিদ হুমায়ুন, নুরুল ইসলাম (সুজন) ও তহুরা আলী পিনু খান।