রাজীব হত্যাকাণ্ডে সাতজন গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার সময় মন্ত্রী এসব কথা বলেন।পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের বিচার, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থল থেকে সংগৃহীত কিছু আলামত যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হত্যাকারীদের মধ্যে দুজনের ডিএনএ পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। সাংবাদিকদের ওপর জামায়াতের নেতা-কর্মীদের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে কোনো থাকায় এজাহার দায়ের করা হয়নি। এজাহার দায়ের করলে এসব ঘটনার বিচার হতে পারে।বৈঠকে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।