রাজীব হত্যায় মামলা
রাজধানীর পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের ঘটনায় আজ শনিবার ভোরে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভোর সাড়ে চারটার দিকে রাজীবের বাবা নাজিমুদ্দিন পল্লবী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করেন। মামলার বিবরণ অনুযায়ী, গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে চা খাওয়ার কথা বলে বাসা থেকে বের হন রাজীব। রাত আটটা-নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কে বা কারা পূর্বপরিকল্পিতভাবে রাজীবকে হত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মামলার তদন্ত সম্পর্কে কোনো কিছু বলতে রাজি হয়নি পল্লবী থানা পুলিশ। তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির দেয়ালের পাশ থেকে রাজীবের লাশ উদ্ধার করে পুলিশ। পাশে তাঁর ল্যাপটপটিও পড়ে ছিল।পল্লবী থানার পুলিশ জানিয়েছে, রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্থপতি ছিলেন। রাজীবের মামার অভিযোগ, জামায়াত-শিবির তাঁর ভাগনেকে খুন করেছে। এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে গতকাল রাতে ও আজ ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ-মিছিল করেন।ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা গেছে, নিহত রাজীব সামহ্যোয়ারইন ব্লগে ‘থাবা বাবা’ নামে নিয়মিত লিখতেন। এ ছাড়া ‘আমার ব্লগ’ নামের একটি ব্লগেও তিনি লিখতেন বলে জানা গেছে। শাহবাগের আন্দোলন নিয়েও তিনি ব্লগে সক্রিয় ছিলেন।