রাজীব হত্যার প্রতিবাদে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার এবং রাজাকারদের ফাঁসির দাবিতে আজ শনিবার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত তারা এ বিক্ষোভ করে। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।বিক্ষোভে অংশ নেয় মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, আবু তালেব স্কুলসহ মিরপুরের বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা রাজীবের হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার ও রাজাকারদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়। তাদের হাতে ছিল বিভিন্ন দাবি লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড।আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তারি আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির প্রতি আমরা শিক্ষকেরাও সমর্থন জানিয়েছি। এর আগে রাজাকারের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলনরত জনতার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম। এই দাবির প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’