রাজীব হত্যায় তিন আসামির ফাঁসি হবে ‘সাংবিধানিক ভুল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামিকে এখন ফাঁসিতে ঝুলানো হবে একটি ‘সাংবিধানিক ভুল’। ওই তিন আসামিকে ফাঁসির আদেশ দেওয়া দেশটির সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের প্রধান বিচারপতি কে টি টমাস ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন।বিচারপতি কে টি টমাস বলেন, ‘আমার দুর্ভাগ্য যে, আমি ওই বেঞ্চের প্রধান ছিলাম।’ ১৩ বছরের বেশি সময় আগে বিচারপতি টমাসের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রাজীব গান্ধী হত্যা মামলায় নলিনী শ্রীহরন, মুরুগান, সানথান ও পেরারিভালানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রাজ্য মন্ত্রিসভার সুপারিশ ও সোনিয়া গান্ধীর আবেদনের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকার ২০০০ সালে নলিনীর দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।ভারতের একটি আদালত রাজিব গান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে সুপ্রিম কোর্ট চারজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। কে টি টমাস সাক্ষাত্কারে বলেন, ওই বিচারের রায়ে ‘ভুল’ রয়েছে। কারণ, চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে তাঁদের অতীত ইতিহাস, স্বভাব ও চরিত্র বিবেচনা করা হয়নি। তাই এখন নলিনী ছাড়া বাকি তিনজনের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত হবে ‘সাংবিধানিক ভুল’, যা হবে সংবিধানের ২১ নম্বর ধারার লঙ্ঘন। বিচারপতি কে টি টমাস আরও বলেন, মৃত্যুদণ্ড পাওয়া মুরুগান, সানথান ও পেরারিভালানের অতীত ইতিহাস, স্বভাব ও চরিত্র বিবেচনা করে মামলাটি পুনর্বিচারের দাবি রাখে।কে টি টমাস বলেন, ‘আমাদের রায়ের অনেক বছর পর বিচারপতি এস বি সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ মত দেন, আসামিদের স্বভাব-চরিত্র বিবেচনায় না নিয়ে কখনোই কাউকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। এই রায় সুপ্রিম কোর্টের আগের রায়গুলোর ভুল ধরিয়ে দিয়েছে এবং তা রাজীব গান্ধী হত্যা মামলার ক্ষেত্রেও প্রযোজ্য।টমাস আরও উল্লেখ করেন, ওই তিন আসামি ২২ বছর ধরে কারাগারে আছেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া কোনো আসামির কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর মামলা পর্যালোচনা করার অধিকার রয়েছে। এতে ওই আসামির দণ্ড কমতেও পারে, আবার না-ও পারে।বিচারপতি টমাস বলেন, রাজিব হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। তাঁরা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডের বাইরে তৃতীয় কোনো দণ্ড ভোগ করছেন। এটা রায়ের বাইরে এবং সাংবিধানিকভাবে ত্রুটিপূর্ণ। আজ বা কাল যদি তাঁদের ফাঁসি কার্যকর করা হয়, তাহলে তাঁরা একটি অপরাধের জন্য দুটি দণ্ড ভোগ করবেন।১৯৯১ সালের ২১ মে এক নির্বাচনী প্রচারের সময় নিহত হন রাজীব গান্ধী। এই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ওই বছরের আগস্টে মাদ্রাজ হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য দণ্ড কার্যকরের বিষয়টি স্থগিত করেন। তখন মামলাটি সুপ্রিম কোর্টে স্থানান্তর করা হয়। ওই আদালতে ১৯৯৩ সালের ১১ সেপ্টেম্বর গাড়িবোমা বিস্ফোরণ মামলার আসামি দেবিন্দর পল সিং ভুলারকে দেওয়া ফাঁসির আদেশ নিয়ে পর্যালোচনা চলছে। ওই মামলার বিচার-প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পর রাজীব গান্ধী হত্যা মামলার তিন আসামির বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।