রাজীববিরোধী প্রচার: বিচারপতি মিজানের অপসারণ দাবি
ব্লগার আহমেদ রাজীব হায়দারকে নিয়ে অপপ্রচার চালানোর কারণে বিচারপতি মিজানুর রহমান ‘ভূইয়ার পদত্যাগের দাবি উঠেছে। শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আজ মঙ্গলবার এই দাবি জানায়।গতকাল সোমবার দুপুরে বিচারপতি মো. মিজানুর রহমান ভূইয়ার পক্ষে তাঁর জমাদার সিদ্দিকুর রহমান হাওলাদার হাইকোর্টের বিচারপতিদের কক্ষে কক্ষে গিয়ে সুপ্রিম কোর্টের খামে করে ব্লগার রাজীব হায়দারকে ‘মুরতাদ’ আখ্যায়িত করে লেখা একটি প্রতিবেদন দিয়ে আসেন।ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে গণজাগরণ মঞ্চ থেকে বিচারপতির পদত্যাগ দাবি করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ মঞ্চ থেকে বলেন, ‘একজন বিচারপতি কখনোই এই কাজ করতে পারেন না। প্রধান বিচারপতি তাঁকে সংশোধন হতে বলেছেন। কিন্তু আমরা মনে করি সংশোধন নয়, তাঁকে পদত্যাগ করতে হবে।’ঘাতক-দালাল নির্মূল কমিটির এক বিবৃতিতেও একই দাবি জানানো হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি মুনতাসীর মামুন, সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার, সৈয়দ শফিকুল আলম ওই বিবৃতিতে স্বাক্ষর করেন। তাঁরা বলেন, ‘বিচারপতি মিজানুর রহমান ভূইয়া যা করেছেন, তা সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। কাজেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এর আগে আজ দুপুরে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এক জরুরি সাধারণ সভা থেকেও একই দাবি জানানো হয়। সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বিচারপতি মো. মিজানুর রহমান ভূইয়াকে অপসারণের দাবিসংক্রান্ত প্রস্তাব পড়ে শোনান। ওই বিচারপতিকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবিও জানিয়েছেন সর্বোচ্চ আদালতের আইনজীবীরা।যুদ্ধাপরাধের বিচার দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের কর্মী রাজীবকে শুক্রবার খুন করা হয়। এই হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত বলে তাঁর সহযোদ্ধা ও স্বজনদের অভিযোগ।গণজাগরণ মঞ্চের ‘প্রথম শহীদ’কে নিয়ে ‘অপপ্রচারের’ এই খবরটি জানার পর ওই দিনই আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আজ বিষয়টি নিয়ে সভা করেন তাঁরা। আইনজীবী সমিতির সম্পাদক বলেন, ‘বিচারপতি মো. মিজানুর রহমান ভূইয়াকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রস্তাব করছি। যত দিন এই কাউন্সিল গঠন না হয় এবং তাঁদের প্রতিবেদন প্রকাশ না হয়, তত দিন তাঁকে বিচারকার্য থেকে বিরত রাখতে প্রধান বিচারপতির কাছে দাবি জানানো হচ্ছে।’ এই প্রস্তাব উত্থাপনের পর উপস্থিত আইনজীবী সমিতির সদস্যদের উদ্দেশে সম্পাদক বলেন, ‘আপনারা কী এই প্রস্তাবের পক্ষে আছেন?’ এ সময় সবাই হাত তুলে প্রস্তাবে সম্মতি জানান।