রাজ্জাক পরিচালিত নাটকে মীম-সম্রাট
সম্প্রতি ‘নায়করাজ’ খ্যাত অভিনেতা রাজ্জাকের পরিচালনায় একটি নাটকে অভিনয় করলেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মীম। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত নাটকটির নাম ‘আমি যুদ্ধে যাব’। লিখেছেন মান্নান হীরা। নাটকে মীমের সহশিল্পী হলেন রাজ্জাক-তনয় সম্রাট। সম্প্রতি পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে মীম বলেন, ‘যুদ্ধের গল্পে এর আগে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। কিন্তু এ নাটকটি হচ্ছে যুদ্ধে যাওয়ার আগের মুহূর্তের প্রেক্ষাপট নিয়ে। এ ধরনের গল্পে আগে আর কাজ করিনি আমি।’ মীম আরও বলেন, ‘এর আগে আমি রাজ্জাক আঙ্কেলের সঙ্গে “এখানে কাফনের কাপড় পাওয়া যায়” নামের একটি নাটকে সহশিল্পী হিসেবে অভিনয় করেছি। গোলাম রাব্বানীর লেখা নাটকটি পরিচালনা করেছিলেন বেলাল উদ্দিন। কিন্তু এবারেই প্রথম ওঁর পরিচালনায় কাজ করলাম। পরিচালক রাজ্জাকের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’মীম বর্তমানে বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজ করছেন। পাশাপাশি নতুন একটি চলচ্চিত্রেও কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যে কুমিল্লায় ছবিটির শুরুর দিকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।আমি যুদ্ধে যাব নাটকটি মাছরাঙা টেলিভিশনে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক হিসেবে দেখানো হবে। এদিকে ‘মেরিল-প্রথম আলো তারকা জরিপে’ এবারের আসরের চূড়ান্ত পর্বে ‘অলসপুর’ নাটকের জন্য সেরা টিভি অভিনয়শিল্পী বিভাগে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়া আহসান, তিশা ও সুমাইয়া শিমুদের সঙ্গে লড়ছেন মীম। এ প্রসঙ্গে মীম বলেন, ‘চূড়ান্ত পর্বের এ লড়াইয়ে যাঁরা আছেন, তাঁরা সবাই আমার অগ্রজ। তাঁদের সঙ্গে লড়তে পারাটাই অনেক আনন্দের। আর যদি দর্শকেরা নির্বাচিত করেন তাহলে তো আনন্দের আর সীমা থাকবে না...।’