রাজ্জাকের শোকসভা পরিণত হলো ক্ষোভ সভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, সে বিচার বানচালে ষড়যন্ত্রও হচ্ছে। এ সময় আবদুর রাজ্জাকের মতো নেতার খুবই দরকার ছিল। রাজ্জাক মানুষকে ভালোবেসেছেন। তাই শেষ পর্যন্ত রাষ্ট্র সম্মান দেখাতে না পারলেও মানুষ ঠিকই তাঁকে সম্মান দেখিয়েছে।আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুতে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত এক শোভায় বক্তারা এসব কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ওই শোকসভা একপর্যায়ে রূপ নেয় ক্ষোভের সভায়। আবদুর রাজ্জাকের একসময়ের রাজনৈতিক সঙ্গীরা শেষ জীবনে তাঁকে সঠিক সম্মান জানানো হয়নি অভিযোগ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভার প্রথমে ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা বর্তমান সরকার ও আওয়ামী লীগের সমালোচনা করেন।তাঁদের উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘কোনো বক্তব্য থাকলে আমরা ফোরামে বা ব্যক্তিগতভাবে বলতে পারব। এমন কোথাও এমন কোনো মন্তব্য করা উচিত হবে না, যাতে বিরোধীরা সুযোগ পায়’। আমু বলেন, পাকিস্তান আমলের চেয়ে সাম্প্রদায়িক শক্তি এখন অনেক বেশি শক্তিশালী। তাই তাদের মূলোত্পাটনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, রাজ্জাক দেশের মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে দেশ, জাতিকে ভালোবেসেছিলেন। যে কারণে মানুষ তাঁকে এত সম্মান দিয়েছে। তিনি সবকটি আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আজ শুধু শোক নয়, ক্ষোভ প্রকাশের দিন।’ তিনি বলেন, ‘গণতন্ত্র কোথায় আমরা খুঁজছি। সংসদে নেই, সংগঠনে নেই, দলের অভ্যন্তরেও নেই।’ তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, ‘ভুলকে ভুল, ন্যায়কে ন্যায় বলতে না পারলে, ভবিষ্যতে অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’ উচ্চ আদালতকে দলীয় ক্রীড়নক হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।ছাত্রলীগের সাবেক এই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আমরা সমালোচনা করি, আপনাদের সংশোধনের জন্য। দোহাই প্রধানমন্ত্রী, আমরা মোসাহেব স্তুতিকার হতে পারব না।’ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, শেষ সময়ে আবদুর রাজ্জাকের কষ্ট লাঘবের দায়িত্ব ছিল এ সরকারের, রাষ্ট্রের। কারণ এ সরকার ও রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অবদান অসামান্য। তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন করেন, ‘এত ত্যাগের পর যে রাষ্ট্রের জন্ম, সে রাষ্ট্রের এত হীনম্মন্যতা কেন? তাঁকে মন্ত্রী না-ও বানাতে পারেন। কিন্তু তাঁকে অসম্মান করবেন কেন? সে অধিকার কেউ দেয়নি।’মাহমুদুর রহমান মান্না বলেন, ‘উত্তরাধিকার বা গায়ের জোরে কেউ সম্মান চিরস্থায়ী করতে পারে না। আওয়ামী লীগের এই নেতা যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাস্তায় মানুষ নামিয়ে দেবেন। আর ভালো কৌঁসুলি নিয়োগ দেবেন না, এটা হতে পারে না। আপনাদের অর্বাচীনতার কারণেই যুদ্ধাপরাধীরা ফাঁক গলে বেরিয়ে যাবে। তখন লজ্জায় মুখ দেখানো যাবে না।’ দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করা না গেলে ভবিষ্যত্ ভালো হবে না বলেও তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মাজহারুল হক বাকী, খালেদ মোহাম্মদ আলী, ছাত্রলীগের সাবেক নেত্রী রাফিয়া আক্তার প্রমুখ বক্তব্য দেন।