রাজ্যসভায় হট্টগোল, মাইক ভাঙচুর
ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল শুক্রবার ব্যাপক হট্টগোল, মাইক ভাঙচুর ও কাগজ ছুড়ে ফেলার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার তামিল বিষয়ে আলোচনার সময় এ অবস্থার সৃষ্টি হয় বলে গতকাল ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে।খবরে বলা হয়, তামিল বিষয় নিয়ে আলোচনার সময় কংগ্রেসের সাংসদ রেনুকা চৌধুরী আপত্তিকর মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানান অল ইন্ডিয়া আন্না ডিএমকে দলের আইনপ্রণেতারা। কিন্তু রেনুকা না থেমে তাঁর তীর্যক বাক্য চালিয়ে যেতে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা চরমে পৌঁছায়।পরে রেনুকা চৌধুরী আসন ছেড়ে চলে গেলে রাজ্যসভার ওই দিনের অধিবেশন মুলতবি করা হয়। আর রেনুকাও তাঁর কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন।কিন্তু ডিএমকে সাংসদ ভি মৈত্রীয়ানের নেতৃত্ব ওই দলের আইনপ্রণেতারা রাজ্যসভায় চরম হট্টগোল, মাইক ভাঙচুর ও কাগজ ছুড়ে ফেলেন এবং কিছু জিনিসপত্রের ক্ষতি করেন। অধিবেশনের সভাপতির চারটি মাইকের মধ্যে দুটি তুলে ফেলে ভাঙচুর করেন তাঁরা। আলোচনা চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এত চরমে পৌঁছায় যে, ডিএমকের আইনপ্রণেতা তিরুচি শিবাকে চিকিত্সা সহায়তা দিতে হয়। তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে হয়। এর আগে গত বুধবার একই বিষয় নিয়ে আলোচনা করার একপর্যায়ে উত্তেজিত হয়ে মূর্ছা যান ডিএমকের আইনপ্রণেতা স্ট্যানলি।