রাজ্যসভার সদস্য অমর সিং গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী সাংসদদের ঘুষ দেওয়ার অভিযোগে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ও সমাজবাদী দলের (সোশ্যালিস্ট পার্টি) সাবেক সাধারণ সম্পাদক অমর সিংকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। আদালত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অমর সিংকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।২০০৮ সালে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারকে লোকসভায় আস্থা ভোটে টিকিয়ে রাখতে বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন এমপিকে ভোট দানে বিরত রাখতে অমর সিং ওই ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। অমর সিং তখন ইউপিএ সরকারের শরিক সমাজবাদী দলের সাংসদ ছিলেন। গত মার্চে উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তায় এ ঘুষ লেনদেনের বিষয়টি উঠে এলে এ নিয়ে হইচই শুরু হয়।অসুস্থতার কারণে গতকাল শুনানির সময় আদালতে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন অমর সিং। আদালত তা মঞ্জুর করেননি। দুপুর পর্যন্ত তাঁর শুনানি স্থগিত করা হয়। পরে অমর সিং আদালতে হাজির হলে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করেন। আদালতের নির্দেশে তাঁকে নয়াদিল্লির তিহার জেলে পাঠানো হয়। সেখানে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখারও নির্দেশ দেন আদালত।একই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আরও দুজন সাবেক সাংসদ ফাগান সিং কুলাস্তে ও মহাবীর সিং ভাগোরাকেও ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।২০০৮ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বিরোধের জের ধরে বামপন্থী দলগুলো ইউপিএ সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে। এর ফলে সরকারকে টিকে থাকতে লোকসভায় আস্থা ভোটের প্রয়োজন হয়। ভোটে টিকে যায় ইউপিএ সরকার। তবে এ ভোটের আগে বিরোধী এমপিদের ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। আর এই ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে সরকারের সমর্থক সমাজবাদী দলের নেতা অমর সিংয়ের বিরুদ্ধে। বিবিসি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।