রাজ্যসভায় রেখার জন্য আসন বদলালেন জয়া বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারতের রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন বলিউডের অভিনেত্রী রেখা। এরই মধ্যে নতুন করে আসন বিন্যাসও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু রেখার আসন অমিতাভ পত্নী, সাংসদ জয়া বচ্চনের কাছাকাছি হয়ে যাওয়ায় জয়া তাঁর আসন সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন এবং ইতিমধ্যে তা বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।সত্তরের দশকে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেমের গুজবে কয়েক বছর মুখরিত ছিল বলিউড। সম্প্রতি রাজ্যসভায় অমিতাভ পত্নী জয়া আসন পরিবর্তনের অনুরোধ করে সাফ বুঝিয়ে দিলেন, আজ অবধি রেখার সঙ্গে শীতল সম্পর্ক বিরাজ করছে তাঁর। রাজ্যসভায় সমাজবাদী দলের প্রতিনিধিত্ব করছেন জয়া। তাঁর জন্য ৯১ নম্বর আসনটি বরাদ্দ করা হয়েছিল। অন্যদিকে রেখাকে দেওয়া হয়েছিল ৯৯ নম্বর আসন। বিষয়টি জানার পর আপত্তি তোলেন জয়া। তিনি দলকে অনুরোধ করেন, তাঁকে যেন ১৪৩ নম্বর আসনটি দেওয়া হয়, যে আসনটি সমাজবাদী দলের জন্য বরাদ্দ ছিল। ইতিমধ্যে জয়ার এ অনুরোধ বাস্তবায়নও হয়ে গেছে।এ প্রসঙ্গে রাজ্যসভা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘মিসেস বচ্চনকে যে আসনটি দেওয়া হয়েছিল সেটি পরিবর্তনের অনুরোধ করা হয়েছে তাঁর দলের পক্ষ থেকে। অনুরোধটি বিবেচনায় নেওয়া হয়েছে। যেহেতু ৯১ এবং ১৪৩ নম্বর আসন সমাজবাদী দলের জন্য বরাদ্দ করা আছে; কাজেই আসন বদলাবদলি করে নতুন আসন বিন্যাস করতে তেমন কোনো সমস্যা হবে না।’ প্রসঙ্গত, রেখার পাশাপাশি ভারতের প্রখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার রাজ্যসভায় মনোনয়ন পেয়েছেন। ১০৩ নম্বর আসনটি বরাদ্দ পেয়েছেন তিনি। সাংসদ হিসেবে আগামী সপ্তাহে শপথ নেবেন শচীন ও রেখা।