রাত এসেছে মৃত্যু নিয়ে
‘মামা আমরারে উডান, আমরা চাপা পড়ছি, মামা!’ বেগুনবাড়ির উপড়ে পড়া ভবনের নিচে চাপা পড়া টিনশেড ঘর থেকে এই আর্তির সঙ্গে একটু পরপর টর্চলাইটের আলো ফেলে জানান দিচ্ছে ওরা বেঁচে আছে। কুলসুম বেগম ও হানিফ মিঞার আট, ছয় ও দেড় বছরের তিনটি শিশুসন্তান ওরা। বাবা-মাকে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে শুনতে হচ্ছে এই আর্তনাদ। ঘটনার সময় হানিফ মিঞা বাড়িতে ছিলেন না। মা কুলসুম বেগম ভবন পড়ার মটমট শব্দ শুনে কয়েক মুহূর্তের মধ্যে বাইরে বেরিয়ে এসেছিলেন। চোখের পলকে অঘোর ঘুমে থাকা তিনটি শিশু আটকা পড়ে গেল।ছয় ঘণ্টা ধরে বেঁচে থাকার যুদ্ধ করছে ওরা। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। শিশুকণ্ঠের আওয়াজ ক্ষীণ হয়ে আসছে। টর্চের আলো নিভু নিভু। বাবা-মা তো বসে থাকতে পারেন না। ছুটে যাচ্ছেন দমকল, সেনা, পুলিশ সদস্যদের কাছে।শেষ পর্যন্ত ভোর চারটার দিকে উদ্ধার হয় তিন শিশু। ততক্ষণে আট বছরের বড় মেয়ে জান্নাত আর দেড় বছরের ছোট ছেলে রাব্বির জীবন প্রদীপ নিভে গেছে। মৃত্যু নিয়ে আসা রাত শেষ হয়েছে শূন্যতা দিয়ে। ঘটনাস্থল থেকে রেড ক্রিসেন্টের একটি গাড়ি পুরো পরিবারটিকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। মৃতদের তালিকায় নাম ওঠে দুজনের। কিন্তু নাম ওঠেনি জেলা প্রশাসনের তালিকায়। ফলে বাবা-মা মৃত সন্তানদের নিয়ে কোথায় চলে গেছেন তার সরকারি হদিস মিলল না। এলাকাবাসী জানিয়েছেন, এঁদের বাড়ি ময়মনসিংহে। হাসপাতাল থেকে তাঁরা আর বেগুনবাড়ি এলাকায় ফেরেননি।জেলা প্রশাসন মৃতদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে। সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা। কিন্তু এই পরিবার থেকে গেছে সব রেকর্ডের বাইরে। গতকাল সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। এক একটি লাশ আসছে, অগণিত মানুষ ছুটছেন তার পেছনে। এই বুঝি পাওয়া গেল স্বজনকে। মৃত হোক; যত বিকৃত, যত মর্মান্তিক হোক সেই মুখ, প্রিয়জন তো!আরও উদ্ধার, আরও স্বজনহারা: নূরজাহান বেগম আট বছরের নাতি জিহাদের লাশ দেখে অজ্ঞান হয়ে গেলেন। থেঁতলে যাওয়া ছোট্ট, নিথর দেহ। সবুজ জামাটা গায়ে ছিল, আর কালো রঙের হাফ প্যান্ট। মশারিতে জড়ানো দেহটা। ছোট্ট জীবনের শেষ ঘুম। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় জান্নাত, রাব্বি, জিহাদের মতো প্রাণ হারায় আরও বেশ ককেয়জন। স্থানীয়রা জানালেন, রাত ১০টায় যখন ঘটনাটি ঘটে তখন পরিবারের পুরুষেরা কেবল বাড়ি ফিরতে শুরু করেছেন। দমকল বাহিনী পৌঁছানোর আগেই এলাকাবাসী, বাড়ির বেঁচে যাওয়া সদস্যরা অন্যদের বাঁচানোর চেষ্টা করেছেন। কাঠমিস্ত্রি আবদুস সাত্তার স্ত্রী মমতাজ বেগমকে হারিয়েছেন। কিন্তু ছয় বছরের মেয়েকে বাঁচাতে পেরেছেন।সাত্তার বলছিলেন, তিনি ঘটনার মিনিট দশেক আগে বাড়ির বাইরে গিয়েছিলেন। হঠাত্ আত্মীয়ের ফোন পেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসেন। ভাঙা টিন, কাঠ সরিয়ে কাদা-পানির স্তর। হঠাত্ মেয়ের লাল জামা দেখে পেছন থেকে হ্যাঁচকা টানে তুলে আনেন তাকে। কিন্তু একটি সন্তানকেও বাঁচাতে পারেননি আলমগীর। মোবাইলের টাওয়ার বসানোর কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন তিনি। যতবার দমকল বাহিনী মৃতদেহ উদ্ধারের ঘোষণা দিয়েছে মাইকে, ততবারই উদ্ভ্রান্তের মতো ছুটে গেছেন আলমগীর। দমকল বাহিনী ও সেনাবাহিনী বলছে, তাদের ধারণা আর কেউ বেঁচে নেই। কিন্তু আলমগীর মানতে নারাজ। ঘুরেফিরে একই প্রশ্ন—ছয় বছরের শাওন, তিন বছরের আসিয়া আর তিন মাসের ছোট্ট বিশাল! ওরা কি জীবিত আছে? ওদের মা আনোয়ারা? সেও তো ঘরের নিচে চাপা পড়ে আছে। যাঁরা বেঁচে আছেন তাঁরা আছেন খোলা আকাশের নিচে। হাতে নেই পয়সা। খাওয়া-দাওয়া নেই। এলাকাজুড়ে গড়ে ওঠা এমন ঝুঁকিপূর্ণ কোনো বাড়িতে হয়তো আবারও এঁরা আশ্রয় নেবেন। তারপর নিয়তির হাতে ছেড়ে দেবেন জীবনটাকে।