পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এটি তোমাদের জন্য প্রথম পাবলিক পরীক্ষা। সে হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রথম তোমরা তোমাদের বিদ্যালয়ের বাইরে ভিন্ন পরিবেশে এসে পরীক্ষা দেবে। সুতরাং, এ পরীক্ষার জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে।এখন নতুন করে কোনো বিষয় শেখার সময় নেই। এরই মধ্যে তোমরা যা কিছু আয়ত্ত করেছ, এখন শুধু তা-ই রিভিশন দেবে। এমনভাবে রিভিশন দেবে, যাতে বিষয়গুলো পরীক্ষার আগপর্যন্ত আর পড়ার সুযোগ না পেলেও ৮০ শতাংশ নম্বর পেতে কোনো অসুবিধা না হয়। বাংলা থেকে ধর্ম পর্যন্ত—সব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে, কোনো বিষয়ে অবহেলা করবে না। পরীক্ষা আসছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরাও তো একদিন তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম। আমরা যেমন ভয়ভীতিহীনভাবে জীবনের সব পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছি, তোমরাও একইভাবে আশানুরূপ ফল করতে পারবে—এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন তোমরা বেশি রাত জেগে পড়ার চেষ্টা করবে না। অনেক পরীক্ষার্থী রাত জেগে পড়াশোনা করে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। শেষে পরীক্ষা শেষ করা কঠিন হয়ে পড়ে।