পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের জন্য গত শনিবার রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে ছিল মানুষের দীর্ঘ সারি। বেলা দেড়টার মধ্যে কয়েকটি কাউন্টারের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। ফলে অনেককে ফিরতে হয়েছে খালি হাতে।গতকাল বিক্রি হয়েছে ১৪ আগস্টের (মঙ্গলবার) বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট। আজ সোমবার বিক্রি হবে ১৫ আগস্টের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন গন্তব্যের অগ্রিম টিকিট বিক্রি হবে।অগ্রিম টিকিট কেনার জন্য শনিবার রাত থেকেই লোকজন কমলাপুর স্টেশনে এসে সারিতে দাঁড়ান। দাঁড়িয়ে, বসে, ঘুমিয়ে, গল্পগুজব করে, পত্রিকা পড়ে তাঁরা সময় পার করেন। সেহিরও সারেন স্টেশনেই। বেশ কয়েকজন নারীও রাত থেকে পৃথক লাইনে ছিলেন। রাতেই টোকেন দেওয়া হয়। কাউন্টারগুলোতে টিকিট বিক্রি শুরু হয় সকাল নয়টায়।সকালে কমলাপুর স্টেশনে দেখা যায়, কাউন্টারগুলোর সামনে দীর্ঘ সারি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মুরাদ খান রাত দুইটা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের টিকিট কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁর সামনে ছিলেন ৬৮ জন। সকাল সাড়ে ১০টায় তিনি টিকিট পাওয়ার পর বললেন, ‘কষ্ট সার্থক হয়েছে। পরিবারের সবাই বাড়ি যেতে পারব, ভাবতেই ভালো লাগছে।’রাজশাহীগামী সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতুর ১৪ আগস্টের টিকিট শেষ বলে সকাল সাড়ে ১০টার দিকে কাউন্টার থেকে ঘোষণা দেওয়া হয়। এর পরও অনেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। পরে আক্ষেপ নিয়ে স্টেশন ত্যাগ করেন তাঁরা।দিনাজপুরগামী একতার কাউন্টারের সামনে সারিতে দাঁড়ানো লোকজন ক্ষোভের সঙ্গে বলেন, তাঁরা রাত থেকে সারিতে দাঁড়িয়ে আছেন। কিন্তু সকাল নয়টার পর জানানো হয়, ১৪ আগস্ট একতা যাত্রা করবে না। এ বিষয়ে কাউন্টারে থাকা বুকিং সহকারী আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, সেদিন একতার যাত্রা বন্ধের ঘোষণা রাতেই দেওয়া হয়েছে। পাশে দাঁড়ানো টিকিটপ্রত্যাশী আবদুল লতিফ প্রতিবাদ করে বললেন, ‘জানলে কি রাত থেকে অপেক্ষা করতাম?’বেলা দেড়টার দিকে অধিকাংশ কাউন্টারে টিকিট শেষ হওয়ার ঘোষণা মাইকে দেওয়া হয়। বেলা সাড়ে তিনটার দিকে বাকি কাউন্টার থেকেও একই ঘোষণা দেওয়া হয়।রেলওয়ে সূত্র জানায়, বিভিন্ন গন্তব্যে ২৬টি আন্তনগর এবং চারটি বিশেষ ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক খায়রুল বশীর প্রথম আলোকে বলেন, ‘কালোবাজারি ঠেকাতে আমরা সবাই মিলে কাজ করছি।’সংশোধনী: গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ছবির ক্যাপশনে ভুলবশত শনিবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল।বাস কাউন্টারগুলোতে ভিড় কমেছে: বিলাসবহুলসহ বিভিন্ন বাসের কাউন্টার ঘুরে দেখা গেছে, ১৪, ১৫ ও ১৬ আগস্টের টিকিট বিক্রি হওয়ার পর টিকিটের জন্য মানুষের ভিড় কমেছে। যাঁরা ওই তিন দিনের টিকিট পাননি কিংবা দেরিতে ঢাকা ছাড়বেন, তাঁরা ১৭ ও ১৮ তারিখের টিকিট কিনছেন।এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গতকাল এক প্রতিবাদপত্রে বলেন, ১৪, ১৫ ও ১৬ আগস্টের বাসের উল্লেখযোগ্য পরিমাণ টিকিট রয়েছে। কেবল খুলনা রুটের টিকিট শেষ হয়েছে। পরিবহন মালিকেরা কোনোভাবেই টিকিট কালোবাজারির সঙ্গে সম্পৃক্ত নন।