রাত নয়টার পর চিকিৎসকহীন পাবনা শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাকে নিয়ে পাগলের মতো ছুটেছি, হাসপাতালে চিকিৎসক ছিলেন না, ফোন করে চিকিৎসকদের ডাকা হলেও তাঁরা আসেননি। অনেক অনুরোধে যখন এলেন, তখন মা আর নেই’—শহরের সংস্কৃতিকর্মী গোপাল সান্যালের এই আর্তনাদ এখনো কানে বাজে। ১৯ জানুয়ারি রাত নয়টায় ঘটনাটি ঘটেছিল। এমন আর্তনাদ অহরহ শুনতে হয় পাবনা শহরের রোগীর আত্মীয়স্বজনের মুখে।জুলফিকার আলী নামের এমন আরেক ভুক্তভোগী জানান, ৬ মার্চ রাতে তাঁর বড় ভাইয়ের বুকে প্রচণ্ড ব্যথা হয়। তিনি রাত সোয়া নয়টায় ভাইকে নিয়ে জেনারেল হাসপাতালে আসেন। তখন হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক ছিলেন না। ওয়ার্ডবয়রা তাঁর ভাইকে চিকিৎসা দিতে শুরু করেন। চিকিৎসক কোথায় জানতে চাইলে ওয়ার্ডবয়রা জানান, ‘স্যার মোবাইল ফোনে কথা বলছেন। এখন ডাকা যাবে না। এ অবস্থায় তিনি সাড়ে নয়টার দিকে ভাইকে জেনারেল হাসপাতাল থেকে শহরের পিডিসি হাসপাতালে (বেসরকারি) নিয়ে যান। সেখান থেকেও জানানো হয় চিকিৎসক নেই। এরপর তিনি পাঁচটি ক্লিনিকে ছুটেছেন ভাইকে নিয়ে। কোথাও চিকিৎসক পাননি। সবাই বলেন, রোগী ভর্তি করেন। তারপর চিকিৎসক ডাকা হবে। তিনি উপায় না পেয়ে রাত সাড়ে ১০টায় ভাইকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন। রাত সোয়া একটায় সেখানে চিকিৎসক পান।এমন অনেক ঘটনা প্রতিদিন ঘটে পাবনা শহরে। কিছু জানা যায়, কিছু জানা যায় না। তবে অধিকাংশেরই শেষ হয় মৃত্যু দিয়ে।স্থানীয় চিকিৎসক মঞ্জুর রহমান বলেন, সারা দিন অবিরত রোগী দেখার কারণেই চিকিৎসকেরা রাতে ক্লান্ত হয়ে পড়েন। এ কারণে তাঁদের আর ডেকে বের করা যায় না।অন্যদিকে জেনারেল হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, অধিকাংশ রাতেই জুনিয়র চিকিৎসকেরা দায়িত্ব পালন করেন। হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকেরা কখনো রাতে দায়িত্ব পালন করেন না। ডিউটি বোর্ডে কোনো জ্যেষ্ঠ চিকিৎসকের নাম লেখা থাকলেও হাসপাতালে তাঁকে খুঁজে পাওয়া যায় না।নাম প্রকাশ না করার শর্তে জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক জানান, রাতে জ্যেষ্ঠ চিকিৎসকদের দায়িত্ব থাকলে বেশি সমস্যা হয়। কারণ তাঁরা হাসপাতালে রাত কাটাতে চান না। আর কনিষ্ঠ চিকিৎসক থাকলেও ঘুম অথবা মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকেন।অন্যদিকে বেসরকারি ক্লিনিকগুলোর নিজস্ব চিকিৎসক না থাকায় রাত-দিন কখনোই সেখানে তাত্ক্ষণিক সেবা পাওয়া যায় না। ক্লিনিকে রোগী ভর্তির পর তাদের চুক্তিবদ্ধ চিকিৎসকদের ডেকে আনে।