রাত হলেই ছিনতাই!
ঢাকা মহানগরের ৪৪৪টি স্থানে ছিনতাই হয়। আর বেশি ছিনতাই হয়ে থাকে প্রায় আড়াই শ স্থানে। প্রথম তথ্যটি থানাগুলোর জন্য তৈরি ঢাকা মহানগর পুলিশের ছিনতাই প্রতিরোধ নির্দেশিকা থেকে নেওয়া। দ্বিতীয় তথ্যটি বিভিন্ন থানার ওপেন হাউস ডের আলোচনা-অভিযোগ পর্যালোচনা করে পুলিশ কর্মকর্তারা বের করেছেন। কিন্তু মহানগরের ৪১ থানায় গত ১৫ দিনে ছিনতাইয়ের মামলা হয়েছে মাত্র ২১টি। এ হলো কাগুজে চিত্র।বাস্তবের চিত্র ভিন্ন। গত জুনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাইয়াং চো পুলিশের মহাপরিদর্শককে (আইজি) চিঠি দিয়েছেন। তিনি ছিনতাইয়ের শিকার কোরীয় তিন নাগরিকের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। চিঠি দিতে হচ্ছে আইজিপিকে। থানায় কি প্রতিকার পাওয়া যাচ্ছে?জবাব অজানা হলেও কিছুটা আঁচ করা যাবে বাংলাদেশিদের ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা থেকে। এমনিতে বাড়তি হয়রানির আশঙ্কায় অনেক ভুক্তভোগী থানামুখী হন না। যাঁরা মামলা করেছেন, তাঁদের সবার অভিজ্ঞতাও ভালো নয়। অনেক ছিনতাইয়ের ঘটনাকে চুরি, দস্যুতা, প্রতারণা দেখিয়েও মামলা নিচ্ছে পুলিশ। পুলিশের এমনটি করার কারণ কী?সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম রেজাউল করিম বলেন, চুরি, দস্যুতা, প্রতারণার অভিযোগে করা মামলায় আসামি যে সুবিধা পাবে, ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় তা পাবে না। কারণ, ছিনতাইয়ের মামলা হয় দ্রুত বিচার আইনে। এ আইনের মামলায় আসামি জামিন পাবে না। পুলিশকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে। প্রতিবেদন দেওয়ার পর তিন মাসের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে। চুরি, দস্যুতা, প্রতারণা তথা দণ্ডবিধির মামলাগুলোর ক্ষেত্রে এসব বাধ্যবাধকতা নেই।র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাই একেবারে বন্ধ করাও সম্ভব নয়। দু-একটি বড় ঘটনা ঘটলেও ছিনতাই বেড়েছে বলে মনে হয় না। র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ছিনতাইকারী গ্রেপ্তারও হচ্ছে।ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, ছিনতাই বাড়বে এবং কমবে—এটাই স্বাভাবিক। তবে ছিনতাই বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত সপ্তাহেও ৮-১০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।তুঘলকি ব্যবস্থা: ছিনতাই ঠেকাতে রাতে ধানমন্ডির ১০টি রাস্তা বন্ধ রাখছে পুলিশ। এলাকাবাসীকে তখন বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ৫ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীদের খপ্পরে পড়েন রানা (৪২) নামের এক গাড়িচালক। প্রাইভেট কার থেকে নেমে তিন-চারজন অস্ত্রধারী যুবক তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। ১০ মিনিট পর গাড়িটিকে ১৪ নম্বর সড়কে দেখতে পেয়ে রানা ‘ছিনতাইকারী’ বলে চিৎকার শুরু করেন। আশপাশের বাসা থেকে নিরাপত্তাকর্মীসহ লোকজন তাঁর সাহায্যে এগিয়ে যায়। তারা গাড়িটিকে ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা গুলি চালালে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির ডান ঊরুতে গুলি লাগে। তিনি বায়িং হাউসের কর্মকর্তা।গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গিয়ে দেখা যায়, কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ধানমন্ডির ১৩ নম্বর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরে দুজন পুলিশ ও দুজন আনসার সদস্য। চার সদস্যের দলটির প্রধান ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবর রহমান প্রথম আলোকে জানান, পাঁচ দিন আগে ছিনতাইকারীরা এখানে একজনকে গুলি করে আহত করেছে। এর পর থেকে রাত ১০টার পর সড়ক বন্ধ করে দেওয়া হয়, যাতে ছিনতাইকারীরা গাড়িতে করে পালাতে না পারে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ছিনতাই ঠেকাতে ধানমন্ডি ১৩ ও ১৪ নম্বর সড়কসহ ১০টি সড়ক রাতে বন্ধ করে দেওয়া হয়। এতে এলাকায় ছিনতাই কমে গেছে বলে দাবি করেন তিনি। তবে এক সপ্তাহেও ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা যায়নি বলে স্বীকার করেছেন ওসি। রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর দুর্ভোগ হচ্ছে কি না জানতে চাইলে ওসি বলেন, ১৪ নম্বর সড়কটি আংশিক খোলা রাখা হয়, যাতে লোকজন চলাচল করতে পারে।১৪ নম্বর সড়কের বাসিন্দা শেখ সালাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ব্যারিকেড বসানোর কারণে রাস্তা নীরব হয়ে গেছে। আমরা আরও শঙ্কিত হয়ে পড়ছি।’ কয়েকজন বাড়িমালিক জানান, ১৩ নম্বর সড়ক যেন ‘ক্রাইম জোন’। দিনেই সেখানকার এক মুদির দোকানে সন্ত্রাসীদের আড্ডা বসে। রাতে এরাই ছিনতাইয়ে নামে।গত সোমবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির বাসিন্দা মা ও মেয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমেই বাড়ির ফটকে ছিনতাইকারীদের কবলে পড়েন। কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁদের ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়। মেয়ের গয়না খুলতে না পেরে ছিনতাইকারীরা তাঁকেই অস্ত্রের মুখে গাড়িতে তুলে নেয়। কিন্তু মোড় ঘোরার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। তিন ছিনতাইকারী পালিয়ে যায়। লোকজন একজনকে ধরে পিটুনি দেয়। পরে হাসপাতালে মাসুদ নামের ওই ছিনতাইকারীর মৃত্যু হয়।রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ দিনে ছিনতাইকারীদের আক্রমণে আহত হয়ে অন্তত ৬০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত হয়ে হাসপাতালে যাননি, ১৫ দিনে এমন আরও প্রায় অর্ধশত ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।কিন্তু থানাগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এ সময়ে ছিনতাইয়ের মামলা হয়েছে মাত্র ২১টি। অবশ্য অনেক ছিনতাইয়ের ঘটনাকে পুলিশ চুরি, দস্যুতা বা প্রতারণা দেখিয়ে মামলা নিয়েছে, এমন নজিরও মিলেছে।গত সোমবার রাত সোয়া একটার দিকে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে ধাওয়া করে আগারগাঁও ক্রসিংয়ের কাছে রাস্তায় একরামুল হকের মোটরসাইকেল, দুটি মুঠোফোন, সাত হাজার ৭০০ টাকা, পরিচয়পত্র ও মোটরসাইকেলের কাগজের ফটোকপি ছিনিয়ে নেয়। বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়। পরদিন শেরেবাংলা নগর থানায় গেলে নেওয়া হয় প্রতারণার মামলা।অবশ্য বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে আগারগাঁও ক্রসিং—ওই এলাকায় ছিনতাই নতুন ঘটনা নয়। বছরের পর বছর ধরে ওই নির্দিষ্ট এলাকায় ছিনতাইয়ের ঘটনা সংবাদপত্রে ছাপা হয়ে আসছে। আর ঈদের মৌসুমে তা আরও বেড়ে যায়।গত মঙ্গলবার রাতে ছিনতাইকারীরা কাঁটাবন এলাকায় অস্ত্রের মুখে বেসরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আল মামুনের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়। মামুন প্রথম আলোকে ঘটনাটি জানালেও থানায় যেতে অনীহা দেখান।আরও কয়েকটি ঘটনা: ৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে সায়েদাবাদে ছিনতাইকারীরা কাপড়ের ব্যবসায়ী ফরহাদ হোসেনকে ধরে অস্ত্রের মুখে এক হাজার ৯০০ টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাত ও বাঁ পায়ে ছুরি মারে। গত বুধবার রাত ১১টার দিকে পুরান ঢাকার নয়াবাজারে নবাব ইউসুফ রোডে আবদুর রশীদ (৫০) নামের এক লোহার ব্যবসায়ীকে গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।গত মঙ্গলবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার চীনা কারখানার সামনে তিন-চারজন ছিনতাইকারী আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. হাসানকে (২২) ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন নিয়ে যায়।মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকে গত দুই সপ্তাহে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয় বাড়িমালিক সমিতির সভাপতি মো. সুলতান আহম্মেদ সেলিম।এ ছাড়া সম্প্রতি ছিনতাইকারীরা এমন বেপরোয়া হয়ে উঠেছে, নিজ বাসার ফটকেও ছিনতাইয়ের শিকার হচ্ছেন অনেকে। অভিজাত এলাকা বনানীতেও গত সপ্তাহে এমন অন্তত দুটি ঘটনার খবর পাওয়া গেছে।টহল ও চেকপোস্ট: পুলিশের হিসাবে যেসব স্থানে ছিনতাই বেশি হয়, এমন কয়েকটি যেমন—ধানমন্ডি ১৩/এ, মানিক মিয়া এভিনিউ, শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা, আগারগাঁও ক্রসিংয়ে গত বুধবার রাত একটার দিকে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কিংবা চেকপোস্ট দেখা যায়নি। তবে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, ‘আমাদের দুটি টিম কাজ করে। এসব স্থানের আশপাশেই তারা ছিল।’ধানমন্ডি থানার ওসি শাহ আলম বলেন, ‘আমাদের একটি টিমকে ধানমন্ডি ১৩/এ, ৮/এসহ তিনটি সড়কে কাজ করতে হয়। এ কারণে পুলিশ সার্বক্ষণিক না থেকে ঘুরে ঘুরে দায়িত্ব পালন করে।’তবে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, ছিনতাই ঠেকাতে ঈদ সামনে রেখে র্যাবের টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, ঈদ সামনে রেখে আজ থেকে রাজধানীতে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো হচ্ছে।