রাতকো ম্লাদিচকে হেগে হস্তান্তর
সন্দেহভাজন সাবেক বসনীয়-সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচকে গতকাল মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাত তিনি ট্রাইব্যুনালের হেফাজতে কাটিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ১৯৯০-এর দিকে বসনিয়া যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনে অভিযোগে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে।রাতকো ম্লাদিচকে গত বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলীয় জেনজানিন শহরের কাছে লাজারোভো গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় ১৬ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।গ্রেপ্তারের পর ম্লাদিচের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল হেগে হস্তান্তর ও বিচারের মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট সুস্থ নন। তবে সার্বিয়ার চিকিত্সকেরা জানিয়েছেন, ম্লাদিচ যথেষ্ট সুস্থ।হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের বিরুদ্ধে আপিল করেছিলেন ম্লাদিচ। তবে গতকাল মঙ্গলবার বেলগ্রেডের আদালত তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের যোগ্য বলে আদেশ দেন। আদালতে ম্লাদিচের আপিল খারিজ হওয়ার পরই তাঁকে নেদারল্যান্ডসের উদ্দেশে বিমানে তুলে দেওয়া হয়।