প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গ্যাস ও বিদ্যুৎ-সংকটের রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে দীর্ঘদিনের এ সংকট মোকাবিলায় বর্তমান সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেন, নানা ধরনের বাধা থাকার পরও বর্তমান সরকার গত দেড় বছরে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করেছে। কিন্তু বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেনি।গতকাল মঙ্গলবার দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদসহ পরিচালনা পর্ষদের ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম প্রমুখ উপস্থিত ছিলেন বলে বার্তা সংস্থা ইউএনবি জানায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার বেসরকারি খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। বিগত সময়েও তাঁর সরকার বেসরকারি খাতকে শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছিল। তিনি বলেন, আগেরবার ক্ষমতায় থাকার সময় সেনাবাহিনীর কাছে বাংলাদেশ মেশিন টুলস কারখানা ও নৌবাহিনীর কাছে খুলনা শিপইয়ার্ড হস্তান্তর করা হয়েছিল। বর্তমানে এগুলো খুবই ভালোভাবে চলছে। বিদ্যুৎ-সংকটের জন্য বিএনপি-জামায়াত সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের গৃহীত অনেক উন্নয়ন প্রকল্পসহ বিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ করায় বর্তমানে বিদ্যুৎ-সংকট দেখা দিয়েছে। ১৯৯৬-২০০১ সময়কালে ক্ষমতায় থাকার সময় তাঁর সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াট করেছে। তা ছাড়া বিভিন্ন প্রকল্প গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদন সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট পর্যন্ত করেছিল। বিএনপি-জামায়াত সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করেনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার বিদ্যুতের উৎপাদন বাড়াতে নতুন বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা ছাড়াও পুরোনোগুলোর সংস্কার করছে। এ ছাড়া নতুন নতুন গ্যাস উত্তোলনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠককালে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম ও খুলনায় এক হাজার ২০০ মেগাওয়াটের আলাদা আলাদা দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। যা দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সহায়তা করবে।যোগাযোগ করা হলে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি, তৈরি পোশাক শিল্পের অস্থিরতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত অলাভজনক প্রতিষ্ঠানসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, শিল্প খাতের উন্নয়নের স্বার্থে দ্রুততার সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ-সংকট কাটাতে পাঁচ বছরের একটি পথনকশা দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে গ্যাস সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন। তৈরি পোশাকশিল্পের ভাঙচুরের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও সংকট কাটাতে সরকার পদক্ষেপ নেওয়ায় এফবিসিসিআইয়ের নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী পোশাকশিল্প অস্থিতিশীল করার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবি কার্যকর করতে এফবিসিসিআই প্রস্তাব করে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, টিসিবি কার্যকর করতে পুরোপুরি সরকারি খাতে না রেখে বরং এটিকে সরকারি-বেসরকারি অংশীদারের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও এফবিসিসিআইয়ের ওপর দায়িত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় খাতের অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে সরকারি-বেসরকারি যৌথ মালিকানায় চালানোর ব্যাপারে মতামত দেন। রাষ্ট্রীয় মালিকানাধীন যেসব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলোর বর্তমান অবস্থা জানার জন্য এফবিসিসিআইয়ের নেতারা একটি সমীক্ষা করতে বলেন। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।