রাতারাতি সড়ক সংস্কার সম্ভব নয়: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-আরিচা মহাসড়কে ২২টির মতো বিপজ্জনক বাঁক রয়েছে। এই বাঁকের কারণে দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো কৃতী সন্তানদের হারাতে হয়েছে। দুর্ঘটনা রোধে এসব বাঁকগুলোতে ডিভাইডার (বিভক্তীকরণ) দেওয়া হবে। আজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ‘মরণফাঁদ’ এই কলঙ্ক মুছে ফেলতে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বাঁকগুলোতে ডিভাইডার দেওয়ার পাশাপাশি বাঁক এলাকা প্রশস্তকরণ করা হবে।যোগাযোগমন্ত্রী আরও বলেন, দুর্নীতি যেমন রাতারাতি নির্মূল করা সম্ভব নয়, তেমনি সড়কগুলোও রাতারাতি সংস্কার করা সম্ভব নয়। এর পরও নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেই জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। খানাখন্দ, উঁচু-নিচু ও যানবাহন চলাচলে অনুপযোগী সড়কগুলো আগামী তিন মাসের মধ্যে সংস্কার করা হবে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে অতিরিক্ত পণ্য পরিবহন রোধে ঢাকার ধামরাই উপজেলায় বাথুলীতে অকেজো অবস্থায় পরে থাকা ওজন পরিমাপক যন্ত্রটি আগামী ১৫ দিনের মধ্যে চালু করার নির্দেশ দেন তিনি।